ক্যাম্পাসে ফাঁকা গুলি, ছাত্রলীগ ছাত্রশিবির পারস্পরিক দোষারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে চারটি ফাঁকা গুলির শব্দ শোনা গেছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবে অভিযোগ অস্বীকার করে ঘটনার জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছে ছাত্রলীগ।প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রশিবিরের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ছাত্রলীগের আবদুস সালাম ও আখেরুজ্জমানের নেতৃত্বে অর্ধশতাধিক কর্মী সেখানে গিয়ে শিবিরের কর্মীদের চায়ের দোকান ত্যাগ করতে বলেন। শিবিরের কর্মীরা সেখান থেকে উঠে বাসস্ট্যান্ডের দিকে চলে যান। পরে ছাত্রলীগের আরও ২০-২৫ জন নেতা-কর্মী জড়ো হয়ে মিছিল নিয়ে বাসস্ট্যান্ডের দিকে যান। একটু পরই সেখান থেকে কয়েকটি গুলির আওয়াজ শোনা যায়। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের সভাপতি আহমদ আলী ও সাধারণ সম্পাদক আবু হুসাইন বলেন, ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করতে শিবির এ ঘটনা ঘটিয়েছে। ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল আলম বলেন, ভর্তি পরীক্ষা সামনে রেখে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতে ছাত্রলীগ পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। প্রক্টর চৌধুরী মুহম্মদ জাকারিয়া বলেন, যারাই এ ঘটনা ঘটাক, তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।