ক্যাম্পাসে ফের গাছ কাটা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবার গাছ কাটা শুরু হয়েছে। শিক্ষার্থীদের আপত্তি সত্ত্বেও মীর মশাররফ হোসেন হল চত্বরের তিনটি গাছ গতকাল সোমবার কেটে ফেলা হয়েছে। মীর মশাররফ হলের শিক্ষার্থীরা জানান, গত বুধবার প্রশাসন গাছ কাটতে এলে শিক্ষার্থীরা হল প্রাধ্যক্ষ মো. এমদাদুল হককে গাছ না কাটার অনুরোধ করেন। তিনি তাঁদের অনুরোধে গাছ কাটা বন্ধ করে দেন। গাছ কাটা হবে না বলেও তিনি আশ্বাস দেন। কিন্তু গতকাল সকালে হলের ‘এ’ ব্লকের মাঠে একটি ঝাউ ও দুটি পাইনগাছ কাটতে দেখেন শিক্ষার্থীরা। তাঁরা গাছ কাটতে আসা লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারেন, প্রশাসনের নির্দেশে মোট নয়টি গাছ কাটা হবে। হল প্রাধ্যক্ষ মো. এমদাদুল হক বলেন, শিক্ষার্থীদের অনুরোধে বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছিল। কিন্তু প্রশাসন সিদ্ধান্ত পরিবর্তন না করায় পুনরায় গাছ কাটা শুরু হয়েছে। প্রসঙ্গত, গত ১ জুন গ্রীষ্মকালীন ছুটির পর থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছ কাটতে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গাছ কাটা বন্ধের দাবিতে গত সপ্তাহে পরিবেশ সংরক্ষণ আন্দোলনের ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন করেন।