রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলে কঠোর নিয়মাবলি জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার থেকে এই নির্দেশনা কার্যকর হচ্ছে।
গতকাল রোববার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান এ তথ্য জানান। তিনি বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, বহিরাগতদের অবাধে প্রবেশ, ছিনতাই ও ছাত্রীদের উত্ত্যক্ত করা ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রক্টর বলেন, বহিরাগত ব্যক্তিরা অবাধে ক্যাম্পাসে প্রবেশ করে ছিনতাই ও উত্ত্যক্ত করাসহ নানা অপকর্ম করে মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। এ ছাড়া ক্যাম্পাসে অনেকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালায়, যা ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নষ্ট করে। এগুলো নিয়ন্ত্রণে যান চলাচলে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
এসব নির্দেশনার মধ্যে রয়েছে—বিশ্ববিদ্যালয়ের কাজলা ও মাজার গেট দিয়ে মোটরসাইকেল চালানো যাবে না। তবে প্রধান ফটক দিয়ে চলাচল করা যাবে। ক্যাম্পাসের ভেতরে মোটরসাইকেলের গতি সর্বোচ্চ ২০ কিলোমিটার রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের স্টিকারবিহীন মোটরসাইকেল ক্যাম্পাসে নিষিদ্ধ।