ক্যাম্পাসে রামদা নিয়ে প্রবেশ, আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এমসি কলেজে পরীক্ষা চলাকালে রামদা ও লািঠসোঁটা নিয়ে প্রবেশ করার সময় ছাত্রলীগের পাঁচ কর্মীকে পুলিশ আটক করেছে। এঁদের কাছ থেকে পাঁচটি রামদা ও কিছু লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।আটক ব্যক্তিরা হচ্ছেন কলেজের পদার্থবিজ্ঞান স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র মুহিবুর রহমান, ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র সুমন শীল ও ইফতেখারুজ্জামান এবং সমাজবিজ্ঞান স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র রিফাত আহমদ ও জুনায়েদ চৌধুরী। পাঁচজনই জেলা ছাত্রলীগের সভাপতির পদ থেকে বরখাস্ত হওয়া পংকজ পুরকায়স্থের পক্ষের কর্মী।
পুলিশ সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সিলেট এমসি কলেজে ছাত্রলীগের বরখাস্ত হওয়া সভাপতি পংকজ পুরকায়স্থ ও বিলুপ্ত জেলা কমিটির সভাপতি হিরন মাহমুদের নেতৃত্বে দুটি পক্ষ সক্রিয়। গতকাল কলেজে সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশের এলাকায় পুলিশের পাহারা ছিল। এ অবস্থায় দলবেঁধে ওই পাঁচজন ক্যাম্পাসে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ তাঁদের আটক করে।