ক্যাম্পাসে শিবিরের তাণ্ডবের ঘটনায় দুটি মামলা, গ্রেপ্তার ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের তাণ্ডবের ঘটনায় দুটি মামলা হয়েছে। মামলায় বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দেড় শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ১১ আসামি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন ও জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ভূঁইয়া বাদী হয়ে গত রোববার বিকেলে ওই থানায় মামলা দুটি দায়ের করেন।
এদিকে শিবিরের তাণ্ডবের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল দুপুরে ক্যাম্পাসে শোভাযাত্রা করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একই দাবিতে বেলা দেড়টার দিকে ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রোববার বেলা সোয়া তিনটা থেকে আধা ঘণ্টাব্যাপী শিবিরের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় চত্বরে ভাঙচুর চালান। এতে বিশ্ববিদ্যালয়ের ১৪ লাখ দুই হাজার টাকার সম্পদের ক্ষতি হয়।
রেজিস্ট্রারের দায়ের করা মামলায় শিবিরের দুই নেতাকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাধারণ সম্পাদক এহসানুল করিম এবং খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি (এফইটি) বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ও শিবিরের ক্যাম্পাস শাখার সভাপতি নাসিম হোসেন।
অন্যদিকে পুলিশের করা মামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হোসাইন আহমদ, সাধারণ সম্পাদক এহসানুল করিমসহ ৭৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।