পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের মিছিল-মিটিং, সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মো. মাহাফুজুর রহমানের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে ক্যাম্পাসে সব ধরনের মিটিং-মিছিল, সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। সব আবাসিক হল ও ক্যাম্পাসে অবস্থানকারী ছাত্রছাত্রীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখা, নিজ নিজ আবাসিক হলে অবস্থান করা এবং আবাসিক হল ও প্রক্টরিয়াল নীতিমালা মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে।
গত রোববার সকালে ক্যাম্পাসে বরিশাল অঞ্চলের ছাত্রদের সঙ্গে পটুয়াখালী অঞ্চলের ছাত্রদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি সভা করে ঘটনার সঙ্গে জড়িত ছাত্রদের চিহ্নিত করতে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।