কয়েক মাস ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহজলভ্য হয়ে উঠেছে ইয়াবাসহ অন্যান্য নেশাজাতীয় দ্রব্য। এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারীদের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয় থেকে জানা গেছে, গত এক মাসে ছিনতাইসহ ইয়াবা সরবরাহ করার সময় ক্যাম্পাস এবং এর আশপাশের এলাকা থেকে আটক হন বেশ কয়েকজন তরুণ, যাঁদের প্রত্যেকের অভিভাবকই বিশ্ববিদ্যালয়ে কর্মরত। তাঁরা চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য নির্ধারিত আবাসিক এলাকা এবং ক্যাম্পাসের আশপাশের কিছু গ্রামে বসবাস করেন। আটক হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মচারী এবং শিক্ষার্থী এর সঙ্গে জড়িত।
গত সোমবার রাত ১১টার দিকে ক্যাম্পাস-সংলগ্ন বটতলা বাজারে মহসিন (২০) ও আবদুল হালিম (২৫) নামের দুই যুবককে আটক করেন স্থানীয় লোকজন। পরে জিজ্ঞাসাবাদে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন দুই তরুণ। মহসিন ও হালিম উভয়ের অভিভাবকই বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী। দুজনই বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের আবাসিক এলাকা কলাবাগানে বসবাস করেন।
জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর অধীনে তাঁরা ইয়াবার ব্যবসা করেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের হল এবং আশপাশের এলাকাগুলোতে ইয়াবা সরবরাহ করেন। প্রতিটি ইয়াবা সাড়ে চার শ থেকে পাঁচ শ টাকায় বিক্রি হয়৷ বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সাধারণত রাতে ইয়াবা বিক্রি হয়। ইয়াবার জন্য শিক্ষার্থীরা মুঠোফোনে কল করলে হলের কাছাকাছি গিয়ে তাঁরা পৌঁছে দেন। তাঁদের সঙ্গে বিশ্ববিদ্যালয়সংলগ্ন সন্দ্বীপ, রোয়ালিয়া, সেনওয়ালিয়া এবং রাঙামাটির কয়েকজন যুবক কাজ করেন বলে জানান।
এর আগে ৫ জুন বিশ্ববিদ্যালয়ের আলবিরুনি হল-সংলগ্ন মাঠে ছিনতাই করার সময় তুষার আহমেদ (২২) নামের আরেক যুবককে আটক করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁর অভিভাবকও বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী। তিনি জানান, একটি চক্রের সঙ্গে ক্যাম্পাস এবং আশপাশের এলাকায় তিনি ছিনতাই করেন এবং হলগুলোতে নেশাজাতীয় দ্রব্য সরবরাহ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রনেতা জানান, ক্যাম্পাসে গেরুয়ার ঢাল, মীর মশাররফ হোসেন হলের পেছনে এবং বিশমাইল এলাকায় প্রতিদিন দেড় শ থেকে দুই শ ইয়াবা কেনাবেচা হয়। প্রায় প্রতিটি হলের দু-একজন ছাত্রনেতা এর সঙ্গে জড়িত বলেও জানান তাঁরা।
রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পাসে ইয়াবা একটি জটিল পরিস্থিতির সৃষ্টি করেছে। ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয়ের এমন কিছু কর্মচারীর নাম প্রাথমিকভাবে আমরা হাতে পেয়েছি। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে খুব দ্রুত আমরা পদক্ষেপ নেব।’ ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ নিয়ে প্রক্টরিয়াল বডির সঙ্গে আলোচনা করেছি। এ ব্যাপারেও আমাদের কিছু পরিকল্পনা আছে।’