
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসীদের দুই দফা হামলার ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সব অনুষদের ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা। পাশাপাশি তাঁরা বহিরাগত সন্ত্রাসীদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন।
‘সর্বস্তরের ছাত্র জনতা’র ব্যানারে মানববন্ধনে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর রাত দুইটার দিকে বহিরাগত সন্ত্রাসীরা একটি মাইক্রোবাস এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে করে ক্যাম্পাসে প্রবেশ করে। তারা সোহরাওয়ার্দী হলের সামনে পৌঁছে দুটি ফাঁকা গুলি ছোড়ে। পরের দিন বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই ঘটনার জন্য ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মো. জসিম উদ্দিনকে দায়ী করে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে।
এরপর গত সোমবার সন্ধ্যায় ২০-২৫টি মোটরসাইকেলের একটি মহড়া ছাত্রদের পাঁচটি আবাসিক হলের সামনে দিয়ে যায়। আশরাফুল হক, শহীদ নাজমুল আহসান, শহীদ শামছুল হক, শাহজালাল এবং ঈশা খাঁ হলের সামনে দিয়ে যাওয়ার সময় ওই মহড়া থেকে দুটি ফাঁকা গুলি করা হয় এবং দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনার জন্য জেলা ছাত্রলীগের সভাপতি জসিমকে দায়ী করে রাত আটটার দিকে সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা নিরাপত্তা চেয়ে মিছিল বের করেন এবং মঙ্গলবার সব ক্লাস বর্জন করার ঘোষণা দেন। জসিম গুলি ছোড়া ও ককটেল বিস্ফোরণ ঘটানোর কথা অস্বীকার করে দাবি করেন, ‘আমার কিছু কর্মী মোটরসাইকেলে করে হলের সামনে দিয়ে যাওয়ার সময় ছাত্রদের হল থেকে গুলি করা হয়।’
গতকাল সকাল ১০টার দিকে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘বিজয় ৭১’-এর পাদদেশে সমবেত হন। বেলা একটার দিকে বহিরাগত চিহ্নিত ক্যাডারদের বিচার এবং ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়ে ‘সর্বস্তরের ছাত্র জনতা’র ব্যানারে মানববন্ধন করেন দুই সহস্রাধিক শিক্ষার্থী। তাঁদের সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, অনুষদীয় ছাত্র সমিতি এবং ছাত্র ইউনিয়ন একাত্মতা ঘোষণা করে। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করেন। সমস্যা সমাধানের জন্য তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রাত আটটা পর্যন্ত সময় দেন। প্রথম দফায় হামলার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় হামলার পুনরাবৃত্তি ঘটেছে বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বলেন, বিশ্ববিদ্যালয়ে আধিপাত্য বিস্তার ও ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য জেলা ছাত্রলীগ এ ধরনের কাজ করতে পারে। প্রক্টর হারুন-অর-রশিদ বলেন, ‘আমরা ময়মনসিংহ জেলা পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি। পুলিশ সুপার (এসপি) বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে আশ্বস্ত করেছেন।’