ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আশপাশে ১৪৪ ধারা বজায় থাকা সত্ত্বেও গতকাল মঙ্গলবার মূল ফটকের কাছে ছাত্রলীগ ভর্তি-ইচ্ছুকদের স্বাগত জানিয়ে মৌন এবং ছাত্রদল আনন্দ মিছিল করেছে। ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে এ মিছিল করে সংগঠন দুটি। এদিকে একটি ছাত্রবাস থেকে ছাত্রশিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।ক্যাম্পাস সূত্র জানায়, গত সোমবার থেকে স্নাতক ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। সূত্রটি আরও জানায়, ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে মূল ফটকের কাছে ছাত্রলীগ মৌন ও ছাত্রদল আনন্দ মিছিল করে। তা ছাড়া ছাত্রলীগের পক্ষ থেকে শিক্ষার্থীদের অভিভাবকদের বসার জন্য সংলগ্ন দুখু মিয়া বিদ্যানিকেতন মাঠে একটি প্যান্ডেল তৈরি এবং ত্রিশাল বাজারে সহায়িকা বিতরণ করা হয়। এদিকে ভর্তি-ইচ্ছুকদের শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পাসে ছাত্রশিবিরের টানানো ব্যানারগুলো তুলে নেয় পুলিশ। তা ছাড়া ত্রিশাল বাজারে একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে ছাত্রশিবিরের কর্মী ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফরিদুজ্জামান ও ওমর ফারুককে আটক করে পুলিশ।তবে প্রক্টর মাহবুব হোসেন জানান, ভর্তি পরীক্ষা চলাকালে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছিল। তাই ছাত্রলীগকে প্যান্ডেল করার কোনো অনুমতি দেওয়া হয়নি। সেই সঙ্গে কোনো সংগঠনই মিছিল করেনি বলে দাবি করেন তিনি। ছাত্রলীগের সহসভাপতি আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘শোক দিবস থাকায় আমরা মৌন মিছিল করেছি।’ ছাত্রদলের সভাপতি শাহ্ মো. শাহাবুল আলম জানান, তাঁরা আনন্দ মিছিলই করেছেন।