ক্যাম্পাসের পরিবেশ নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন: প্রধানমন্ত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি ছাত্রলীগ হলেও বিন্দুমাত্র যেন ছাড় না পায় সে ব্যাপারে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষক প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উচ্চশিক্ষা থেকে শুরু করে সব পর্যায়ে শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, কাজটা অত্যন্ত কঠিন, তবে দেশ ও জাতির স্বার্থে এটা করতেই হবে। প্রধানমন্ত্রী এ সময় বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময়ের যে ঐতিহ্য ছিল আমি সেই ঐতিহ্য পুনরায় দেখতে চাই।’সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য হারুন-অর-রশিদ, কোষাধ্যক্ষ মীজানুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি খন্দকার বজলুল হক, অণুুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক অহিদুজ্জামান, ইসলামের ইতিহাসের অধ্যাপক গোলাম রাব্বানি এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সামাদ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদও এ সময় উপস্থিত ছিলেন।বৈঠকের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ যারা নষ্ট করে, প্রধানমন্ত্রী তাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে বলেছেন। এমনকি ছাত্রলীগ হলেও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন।