ক্যাম্পাসের বাসের তথ্য পেতে ডিইউ মামাবট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেদি হাসান
মেহেদি হাসান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসগুলো কখন কোন রুটে চলবে, তা এখন জানা যাবে ফেসবুকে মেসেঞ্জারভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন একটি অ্যাপ থেকে।

শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের দুই ছাত্র মেহেদি হাসান ও আজিজুল হাকিম এই অ্যাপ তৈরি করেছেন। তাঁরা বলেছেন, এটি মূলত একটি ‘চ্যাটবট’, যার নাম দেওয়া হয়েছে ‘ডিইউ মামাবট’। ফেসবুক মেসেঞ্জারে যেভাবে বন্ধুরা একে অন্যের সঙ্গে কথা বলে তথ্য জানে, এটি অনেকটা সে রকম। পার্থক্য হচ্ছে, এখানে করা প্রশ্নের উত্তর কোনো মানুষ দেয় না; দেয় একটি কম্পিউটার প্রোগ্রাম।

গত ৩ জুলাই ডিইউ মামাবটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ইতিমধ্যেই প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অ্যাপটি ব্যবহার করেছেন এবং প্রতিদিন গড়ে এক হাজার শিক্ষার্থী বাসের তথ্য জানতে অ্যাপটি ব্যবহার করেন। মেহেদির দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ও বাংলায় চ্যাট করার সুবিধাসংবলিত দেশের প্রথম চ্যাটবট এই ডিইউ মামাবট।

মেহেদি হাসান বলেন, ‘এটি একধরনের রোবটিক চ্যাট। এতে মেসেঞ্জারে চ্যাট করার মতো কেউ কিছু জিজ্ঞেস করলে তা একটি সার্ভারে যায়। সেখান থেকে জুতসই একটি উত্তর প্রশ্নকর্তাকে দেওয়া হয়। উন্নত বিশ্বে সেবামূলক বিভিন্ন কাজে চ্যাটবট ব্যবহার করা হয়।’

আজিজুল হাকিম
আজিজুল হাকিম

বিভিন্ন রুটে বিশ্ববিদ্যালয়ের ১৩টি বাস চলে। ৪৫টি ট্রিপে শহরের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীদের আনা হয় এবং ক্যাম্পাস থেকে ৪৯টি ট্রিপে শিক্ষার্থীদের বিভিন্ন গন্তব্যে নিয়ে যাওয়া হয়। বাসগুলো কখন কোথা থেকে ছাড়ে বা স্টপেজগুলো কোথায়, তা জানা যাবে এই অ্যাপ ব্যবহার করে।

ফেসবুকে ঢুকে ইংরেজিতে ‘ডিইউ মামাবট’ লিখে সার্চ দিলেই অ্যাপটি চলে আসে। ডাউনলোড করতে হয় না।  অ্যাপটিতে ক্লিক করলেই ‘সেন্ড এ মেসেজ’ অপশন আসবে। বাস–সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে চাইলে তা জানা যাবে। ‘সেন্ড আ মেসেজ’ এর নিচে আছে ‘ফাইন্ড বাস’ অপশন। এখানে ক্লিক করলে স্বয়ংক্রিয় মেসেজ আসবে—‘মামা, যেখানে যেতে চান, সেই জায়গার লোকেশন দেন।’ এই মেসেজের নিচে ‘সেন্ড লোকেশনে’ ক্লিক করলে আপনি যে জায়গায় আছেন, সেখানকার লোকেশনটি আসবে। লোকেশনটি পাঠালে জানিয়ে দেওয়া হবে নিকটবর্তী বাসস্টপেজের নাম এবং কখন আসবে তা। 

রাহাত খান নামের
এক ব্যবহারকারী লিখেছেন, ‘অসাধারণ! ডিইউ মামাবটের সঙ্গে কথা বলা খুবই মজার। আশা করি, এটি আরও উন্নত হবে।’ মেহেদি হাসানও বললেন, কিছু সীমাবদ্ধতা রয়েছে। ধীরে ধীরে আরও উন্নত করা হবে।