সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যু
ক্যাম্পাসের মূল ফটক অবরোধ, আট দফা দাবি
সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমিত মিত্র গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাঁর মৃত্যুর পর আট দফা দাবিতে বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অবরোধ করেন তাঁর সহপাঠীরা।
সুমিত মিত্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ২৩ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল চারটায় সুমিতের সহপাঠী ও আইন বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অবরোধ করেন। এ সময় তাঁরা আট দফা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে তাঁদের সেখান থেকে সরিয়ে দেন। এ সময় তিনজনকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের ছেড়ে দেয় পুলিশ।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের রাস্তায় গাড়ির গতিসীমা ঘণ্টায় ৩০ কিলোমিটার করা, বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকার রাঙামাটি-অক্সিজেন রোডে সড়ক বিভাজক দেওয়া।
আইন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী শাহরিয়ার তানিম প্রথম আলোকে বলেন, ‘সুমিতের মতো আর কোনো মেধাবী প্রাণ যেন সড়ক দুর্ঘটনায় ঝরে না যায়, সে জন্য আমরা আট দফা দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অবরোধ করেছিলাম। কিন্তু প্রশাসন আমাদের সঙ্গে যে আচরণ করেছে, তা সত্যিই লজ্জাজনক।’
এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘গতকাল কোনো অবরোধ হয়নি। আইন বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে কয়েক মিনিট বসে ছিলেন। পরে প্রক্টর বললে তাঁরা সরে যান।’
এদিকে সুমিতকে ধাক্কা দেওয়া অটোরিকশা ও চালককে আটক করেছে হাটহাজারী থানার পুলিশ। বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, দুর্ঘটনার তিন দিন পর সুমিতের চাচা দেবপ্রসাদ মিত্র হাটহাজারী থানায় মামলা করেন। এরপর সেদিন রাতে অভিযান চালিয়ে চালক মো. আফসারকে (২০) আটক করা হয়।