ক্যাম্পাস-বন্ধুদের কোয়ারেন্টিন-জীবন

করোনাভাইরাসের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। ছুটি বর্ধিত করা হয়েছে ৩০ মে পর্যন্ত। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীরা পেয়েছেন অফুরন্ত সময়। দেখা হচ্ছে না ক্যাম্পাসের পরিচিত মুখগুলোর সঙ্গে, আড্ডা হচ্ছে না ক্যাম্পাসের বিশেষ জায়গায়। সময় কাটছে অঘোষিত হোম কোয়ারেন্টিনে।
এক অন্য রকম অবসর সময় কাটাচ্ছে সব শিক্ষার্থী। কীভাবে কাটছে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের সময়—গল্পে, আড্ডায় নাকি বিভিন্ন কাজে ব্যস্ত থেকে। এসব নিয়ে এবারের লেখা।

শারমিন তাসনিম পড়ছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে। তিনি বলেন, ‘প্রথমেই বলতে হবে খুব আতঙ্কে আছি। চিন্তা হয় আব্বু–আম্মুর জন্য। বাবা অন্য দেশে আছেন। এ সময়ে ওনার জন্য সবাই চিন্তিত। চিন্তা হয় আমার চিকিৎসক ভাইয়ের জন্য। এ সময়ে তাঁরা অনেক ঝুঁকিতে আছেন। ভাইয়ার জন্যও চিন্তায় থাকি। থমকে গেছে পৃথিবী, আটকে গেছে ক্যারিয়ার গড়ার লড়াই। খুব ইচ্ছা হয় বের হয়ে সবুজের প্রকৃতির সমারোহে মুক্তভাবে বাতাস নিতে। রান্না করা আমার অন্যতম শখ। আমি এখন রান্নার কাজেই সময় বেশি ব্যয় করছি। প্রতিদিন ভিন্ন ভিন্ন রেসিপি তৈরি করছি। এ ছাড়া ভাতিজা-ভাতিজিকে নিয়ে সময় কাটাচ্ছি।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সঞ্জীব দেব। তিনি বলেন, ‘করোনাকাল যাচ্ছে উৎকণ্ঠার মধ্য দিয়ে। প্রতিদিন অনলাইন খবরে বিশ্বের বিভিন্ন দেশের আক্রান্ত ব্যক্তিদের খবর শুনি আর ভাবি, পৃথিবী কবে আরোগ্য হবে। বাড়ির প্রতিদিনের কাজ করি, কৃষিকাজে সাহায্য করি, রান্না করি, গান গাই, বাঁশি বাজাই। নিজেকে যথাসম্ভব ব্যস্ত রাখি। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলি। পরিষ্কার–পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি।’

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজু আহমেদ বলেন, ‘করোনা সংকটময় অবস্থা পার করছি আতঙ্ক নিয়ে। না জানি কখন আক্রান্ত হই। শরীরে যেন ভয়াবহ ভাইরাস বাসা না বাঁধে, সেই ভয়ে নানা বিধিনিষেধ মেনে চলি। তবে ঘরবন্দী জীবনে পারিবারিক সম্পর্ক হয়েছে দৃঢ়। দিনের বেশির ভাগ সময় কাটছে সামাজিক যোগাযোগমাধ্যমে, ঘুমিয়ে কিংবা পরিবারের সদস্যদের সাথে আড্ডা দিয়ে। অর্থনৈতিক অবস্থা স্থবির হওয়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে হতাশা, বিষণ্নতা ও অনিশ্চয়তা। করোনাকালে আমরা পরিচিত হয়েছি নতুন এক মানবিক সমাজের সাথে। করোনা চলে যাক, মানবিক সমাজ বেঁচে থাক।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সুমি বলেন, ‘কোভিড–১৯ আমাদের প্রত্যেকের জীবনে কিছু কিছু পরিবর্তন এনেছে। এটা বলার অপেক্ষা রাখে না যে সবারই দিন কাটছে আতঙ্কে, কী জানি ঘটে অনাগত দিনগুলোতে! করোনার প্রভাবে জীবনে কিছু পরিবর্তন এসেছে। ব্যস্ততার জন্য বই পড়ার সময়টুকু পেতাম না, কিন্তু এখন পড়ার সময় পাচ্ছি। এটা অনেক ভালো লাগার একটা ব্যাপার। রান্নাবান্না কখনো সে রকমভাবে করা হয়নি। কিন্তু এখন মাকেও সাহায্য করছি রান্নার কাজে। আবার এই ফাঁকে নিজেও শিখে নিচ্ছি। আর একটা কাজ করে খুব ভালো সময় অতিক্রম করছি। সেটা হচ্ছে মা–বাবা আর আমি আমরা তিনজনে মিলে বাড়ির পাশে সবজির বাগান করেছি। প্রতিদিন এগুলোর যত্ন নিই। পানি দিই, বীজ বপন করি। এভাবে যেমন সময় কেটে যাচ্ছে, আবার নিজের হাতের করা বাগানের গাছের বেড়ে ওঠা দেখে মানসিক প্রশান্তিও পাচ্ছি।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু জাহির। তিনি বলেন, ‘এক ভাইরাসের কাছে আজ সমগ্র পৃথিবী অসহায়। প্রিয় মাতৃভূমি বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে রেহাই পায়নি। চোখের সামনে হারিয়ে যাচ্ছে প্রিয় মুখগুলো। লকডাউনের কারণে বাসায় যেতে পারিনি। প্রতিটা মুহূর্ত কাটে চরম উৎকণ্ঠায়—কখন জানি কী শুনতে হয়। প্রিয়জনদের মুখ দেখা হয় না অনেক দিন হলো। সাবধানতার জন্য পরিবারের সবার কথা চিন্তা করে এখন বাসায় যাওয়ার চেষ্টা করছি না। কারণ, আমি বাসায় যাওয়ার সময় যদি করোনাভাইরাসের সংস্পর্শে আসি, তবে সবাই আক্রান্ত হবে। সে জন্য কষ্ট হলেও মেসের মধ্যে রয়ে গেছি।’

আকুল মিয়া পড়েন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তিনি বলেন, ‘আমরা সবাই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি, হচ্ছি বা হতে যাচ্ছি। এর চেয়েও কঠিন পরিস্থিতির মধ্যে কাটানো মধ্যবিত্তের মধ্যে আমি একজন! সবাই জীবন বাঁচাতে ছুটছে, আমিও ছুটছি। যত দিন ঘরে বেঁচে থাকার সামগ্রী ছিল, তত দিন কুঁড়েঘরটাও স্বর্গ মনে হচ্ছিল, কিন্তু উপার্জন না থাকায় এখন এটা বুঝতে পারছি যে আমার মতো হাজারো মানুষ কত কষ্টে দিনপাত করছে। করোনাভাইরাস পাল্টে দিয়েছে সবার স্বাভাবিক জীবনের বাস্তবতা। মানুষ ভাবত যার যত টাকা, সেই তত সুখী। কিন্তু মানুষের কোটি কোটি টাকাও এ রোগের কাছে মূল্যহীন।’


নুরুল আমিন মনির পড়াশোনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তিনি বলেন, ‘সারা দিন দিব্যি অবসর সময় কাটছে কার্ড খেলে ও অনলাইনে নিউজ পড়ে। তা ছাড়া দাবা, লুডু ও ক্যারম খেলছি। মাঝেমধ্যে এলাকাবাসীর মধ্যে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছি। সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যয় করছি অনেকটা সময়।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ বলেন, ‘এই করোনাভাইরাসের জন্য আমরা বাসা থেকে বের হতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে আমি যেন কোথায় বন্দী হয়ে আছি। যদিও বন্দী অবস্থায় দিন কাটাচ্ছি, কিন্তু বাসায় পরিবারের সবার সাথে সময় পার করতে পারছি। হয়তো এই স্টুডেন্ট লাইফে বা অন্য কোনো জীবনে এ রকমভাবে পরিবারের সবার সাথে সময় কাটাতে পারব না। এই সুযোগে যেমন পরিবারকে সময় দিতে পেরেছি, অন্যদিকে পড়াশোনার মারাত্মকভাবে ক্ষতি করছি। বিশ্ববিদ্যালয়ের অনেক বন্ধুবান্ধব আছে, যাদের সঙ্গে প্রতিদিন জমিয়ে আড্ডা হতো, এখন আর আগের মতো হচ্ছে না। মিস করছি প্রিয় বিশ্ববিদ্যালয়কে, হয়তো সুদিন আমরা ফিরে পাব—সেই প্রত্যাশায় প্রহর কাটছে।’
*লেখক: শিক্ষার্থী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়