ক্যাম্পে আগুন বাগমারায় যক্ষ্মা জরিপকাজ বন্ধ
রাজশাহীর বাগমারা উপজেলার যক্ষ্মা জরিপ ক্যাম্পে গত সোমবার রাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আতঙ্কে গতকাল মঙ্গলবার সকালে জরিপ দল কার্যক্রম বাতিল করে এলাকা ছেড়ে চলে গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, গতকাল থেকে শুভডাঙ্গা ইউনিয়নের খর্দ্দকৌড় কমিউনিটি ক্লিনিকে যক্ষ্মানিরোধ প্রকল্পের আওতায় চার দিনব্যাপী যক্ষ্মা জরিপকাজ শুরু হওয়ার কথা ছিল। এর অধীনে বিনা মূল্যে যক্ষ্মা রোগী শনাক্ত এবং তাদের চিকিৎসা করা হতো। এ জন্য ঢাকা থেকে ১২ জনের একটি দল বাগমারায় আসে। জরিপ দলের পক্ষে ওই এলাকায় প্রচারণা চালানো হয় এবং জরিপকাজের জন্য খর্দ্দকৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার তাঁবু টানিয়ে ক্যাম্প স্থাপন করা হয়। ওই রাতেই দুর্বৃত্তরা ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়। গতকাল সকালে জরিপ দল ঘটনাস্থলে গিয়ে অবস্থা দেখতে পেয়ে জরিপকাজ বন্ধ ঘোষণা করে। জরিপকাজের জন্য আনা প্রয়োজনীয় উপকরণ ও যন্ত্রপাতি নিয়ে সকালেই তারা বাগমারা ত্যাগ করে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মাসুদ আলী বলেন, তিনি সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। আতঙ্ক সৃষ্টির জন্য এমনটি করা হতে পারে বলে তিনি ধারণা করছেন।