ক্যাম্পে কামারুজ্জামানকে অস্ত্র হাতে দেখেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী দবির হোসেন ভূঁইয়াকে আসামিপক্ষের জেরা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। জেরায় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একাত্তরে ক্যাম্পে আটক থাকা অবস্থায় তিনি কামারুজ্জামানকে অস্ত্র হাতে দেখেছেন।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ দবির হোসেনকে গতকাল জেরা করেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। এ সময় আসামির কাঠগড়ায় কামারুজ্জামান হাজির ছিলেন।দবির হোসেন জবানবন্দিতে বলেছেন, একাত্তরে তিনি ময়মনসিংহে ডাকবাংলোয় স্থাপিত আলবদর ক্যাম্পে আটক ছিলেন।শেলী, রশিদ, দারা মিয়া ও তাঁর ছেলে টেপা মিয়াকে আগে থেকে চিনতেন—আইনজীবীর এই প্রশ্নে দবির হোসেন বলেন, হ্যাঁ। তাঁরা কবে আটক হয়েছিলেন—এই প্রশ্নে তিনি বলেন, তা তিনি বলতে পারবেন না। তাঁকে আটক করে ডাকবাংলোর ক্যাম্পে নিয়ে গেলে সেখানে তিনি আটক ওই ব্যক্তিদের দেখেন।ময়মনসিংহ জেলা শান্তি কমিটি, রাজাকার বাহিনী ও আলশামস বাহিনীর প্রধান কে ছিলেন বলতে পারবেন—এই প্রশ্নে রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, না। ওই সময় আলবদর বাহিনীর জেলা ও শহর কমান্ডার কে ছিলেন—এর জবাবে তিনি বলেন, কমান্ডার কে ছিলেন তা বলতে পারবেন না, তবে নেতা ছিলেন কামারুজ্জামান।ক্যাম্পে আটক থাকা অবস্থায় কামারুজ্জামানের হাতে অস্ত্র দেখেছেন—এই প্রশ্নে দবির হোসেন বলেন, ক্যাম্পে যখন প্রথম তাঁর চোখ খোলা হয়, তখন কামারুজ্জামানের হাতে অস্ত্র ছিল না। তবে একদিন তিনি কামারুজ্জামানের হাতে অস্ত্র দেখেছেন।এ পর্যায়ে আইনজীবী বলেন, তিনি এই প্রশ্ন করেননি। এ সময় ট্রাইব্যুনাল বলেন, আপনি এই প্রশ্ন করেছেন, ভুলে গেলেন?স্বাধীনতার পর পর মুক্তিযোদ্ধারা যুদ্ধাপরাধীদের যে তালিকা করেছিলেন, তাতে কামারুজ্জামানের নাম দিয়েছিলেন—আসামিপক্ষের আইনজীবীর এই প্রশ্নে সাক্ষী বলেন, না। এরপর আইনজীবী মুজিবনগর সরকার নিয়ে একটি মন্তব্য করলে ট্রাইব্যুনাল তাঁকে সতর্ক করে বলেন, আপনি ইতিহাস বিকৃত করতে পারেন না। পরে আইনজীবী তাঁর বক্তব্যের জন্য ট্রাইব্যুনালের কাছে দুঃখ প্রকাশ করেন।আইনজীবী মত (সাজেশন) দেন, সাক্ষীর কামারুজ্জামানকে ডাকবাংলোর ক্যাম্পে দেখার কথা, সেখানে আটক থাকার কথা অসত্য ও বানোয়াট। দবির হোসেন বলেন, এটা সত্য নয়।এ পর্যায়ে আইনজীবী নন এমন একজনের সঙ্গে কফিল উদ্দিন কথা বললে ট্রাইব্যুনাল ওই ব্যক্তির পরিচয় জানতে চান। জবাবে আইনজীবী বলেন, ওই ব্যক্তি কামারুজ্জামানের ব্যক্তিগত সহকারী। ট্রাইব্যুনাল বলেন, ‘আইনজীবী নন এমন ব্যক্তির সঙ্গে আপনি এভাবে কথা বলতে পারবেন না। যদি কিছু বলার থাকে, তবে কামারুজ্জামান আইনজীবীর মাধ্যমে বলবেন।’ আইনজীবী এ জন্যও দুঃখ প্রকাশ করেন। জেরার শেষ পর্যায়ে আইনজীবী মত দেন, একাত্তরে কামারুজ্জামান ময়মনসিংহে ছিলেন না এবং আলবদরের নেতাও ছিলেন না। সাক্ষী বলেন, এটা সঠিক নয়। জেরা শেষ হলে আগামীকাল বৃহস্পতিবার এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।