বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, মিরপুরের বিহারি ক্যাম্পে আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসংযোগ এবং পুলিশের টিয়ার শেল ও গুলিতে ১০ জন মারা গেছেন৷ অসংখ্য লোক আহত হয়েছেন। তিনি এই ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে সত্য উদ্ঘাটনে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
গতকাল শনিবার এক বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন এই ঘটনার জন্য আওয়ামী লীগ ও পুলিশকে দায়ী করেছেন। বিবৃতিতে সাবেক এই প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত এই হামলাকে কাপুরুষোচিত ও বর্বর হামলা হিসেবে অভিহিত করে বলেন, বিএনপি সন্ত্রাসী আক্রমণকে মানবসভ্যতা ধ্বংসকারী কর্মকাণ্ড বলে মনে করে।
খালেদা জিয়া বলেন, সরকার আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দলীয় ক্যাডার হিসেবে ব্যবহার করার জন্যই তারা এখন বেপরোয়া হয়ে উঠেছে। সরকারি দলের সন্ত্রাসীদের সহযোগী হিসেবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো শুধু বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপরই পৈশাচিক হামলা চালাচ্ছে না, এদের কারণেই সাধারণ নাগরিকেরাও ভয়ে আর আতঙ্কের মধ্যে জীবন যাপন করছে। তিনি রাষ্ট্রীয় সন্ত্রাসসহ সব সন্ত্রাসের বিরুদ্ধে দেশবাসীর সঙ্গে একাত্ম হয়ে লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
বিএনপির চেয়ারপারসন মিরপুরে এই জীবনবিনাশী রক্তক্ষয়ী কর্মকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং পুনর্বাসনেরও দাবি জানান।