ক্যাম্পের ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজযাত্রীরা

আশকোনায় অবস্থিত হাজি ক্যাম্পের ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন হজযাত্রীরা। হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার আগে হজযাত্রীরা হাজি ক্যাম্পে দু-এক দিন অবস্থান করেন। ইমিগ্রেশন কার্যক্রম, বিমানের টিকিট, বোর্ডিং কার্ড গ্রহণ এবং পাসপোর্ট-সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করেন।
হজ অফিস, বাংলাদেশ বিমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ রোভার স্কাউট, বিভিন্ন ব্যাংক, সেবা প্রতিষ্ঠান, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা অক্লান্ত পরিশ্রমও করে যাচ্ছেন আল্লাহর মেহমানদের সেবায়।
পঞ্চগড় থেকে বাবা ও ভাইকে সঙ্গে নিয়ে হজ পালনের উদ্দেশ্যে ক্যাম্পে আসা মো. মাসুদ পারভেজ বলেন, ‘আগে যাঁরা হজ পালন করে এসেছেন, তাঁদের মুখে শুনেছিলাম, হজে যাওয়ার সময় নানা ভোগান্তি পোহাতে হয়। কিন্তু এখানে এসে সে রকম কোনো অসুবিধা কিংবা সমস্যায় পড়তে হচ্ছে না আমাদের। এখানে সব কাজেই স্কাউট সদস্য ও স্বেচ্ছাসেবীরা আমাদের নানাভাবে সহযোগিতা করছেন।’ তিনি জানান, কোনো ক্ষেত্রেই এখন পর্যন্ত কোনো ভোগান্তি পোহাতে হয়নি।
গতকাল মঙ্গলবার দুপুরে দেখা যায়, ক্যাম্পের মূল ফটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। হাজি ক্যাম্পে বিশেষ অনুমতি ছাড়া কোনো দর্শনার্থী কিংবা আত্মীয়স্বজন প্রবেশ না করতে অনুরোধ জানিয়ে নোটিশ টাঙিয়েছে কর্তৃপক্ষ। আর্চওয়ের (বিশেষ নিরাপত্তা ফটক) মধ্য দিয়ে প্রবেশ করতে হচ্ছে। সঙ্গের ব্যাগ, লাগেজ প্রভৃতি পরীক্ষা করা হচ্ছে।
হজযাত্রীদের খাবারের সুবিধার কথা চিন্তা করে ক্যাম্পের ভেতরে বসানো হয়েছে কয়েকটি খাবার ক্যানটিন। পাওয়া যাচ্ছে ৩৩ পদের খাবার ও পানীয়। পদগুলোর দাম নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৩ টাকা থেকে সর্বোচ্চ ৮০ টাকা।
খাবারের ব্যবস্থাপনা ভালো মন্তব্য করে রাজশাহী থেকে আসা হজযাত্রী মো. হানিফ মিয়া বলেন, ‘আপনি চাইলে ৬০ টাকার মধ্যেই একবেলার খাবার খেয়ে নিতে পারবেন।’ এত কম টাকায় কী খেয়েছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘ছোট মাছের তরকারি ৪০ টাকা, এক বাটি ডাল ৫ টাকা, আর দেড় প্লেট ভাত ১৫ টাকা।’
টাঙ্গাইল থেকে ক্যাম্পে আসা মো. মনিরুল ইসলাম প্রথমবারের মতো হজে যাচ্ছেন। তিনি বলেন, ‘আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের কাছে হজযাত্রার নানা ভোগান্তির কথা শুনেছি, তাই ভোগান্তির জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু এখানে দায়িত্বরত রোভার স্কাউটের সদস্যরা সব সময় সহযোগিতা করছেন। ব্যাংকের সেবা বুথ, হামদর্দ ল্যাবরেটরিজ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বুথ, অবজারভেশন সেন্টার, পরিচ্ছন্নতাকর্মী—সবাই সহযোগিতা করছেন।’
তবে হাজিদের অনেকেই বয়স্ক হওয়ায় সর্দি, কাশি, পাতলা পায়খানা, ডায়রিয়া, আমাশয়, উচ্চ রক্তচাপসহ নানান ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন। হাজি ক্যাম্পে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে হামদর্দ ল্যাবরেটরিজ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে হজযাত্রীদের দেওয়া হচ্ছে স্বাস্থ্যসেবা। বিদেশে হজযাত্রীদের ভাইরাস থেকে নিরাপদ রাখতে প্রত্যেক হজযাত্রীকে ইনফ্লুয়েঞ্জা ও মেনিনজাইটিসের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেল অফিসার মো. মহসীন বলেন, সৌদি আরবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা কার্যক্রম আছে, হজযাত্রীদের অনেকেই তা জানেন না। সেখানে গিয়েও হজযাত্রীরা সেবা নিতে পারবেন।
হাজিদের স্বজনদের বিষয়টি বিবেচনায় রেখে এ বছর থেকে চালু করা হয়েছে ই-হজ সুবিধা। এর মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে শুরু করে হাজিরা বর্তমানে কোথায় অবস্থান করছেন, তা সহজেই জানতে পারবেন হাজিদের স্বজনেরা।