ক্যারম খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বারইগাতী গ্রামে ক্যারম খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় আমির হোসেন ও আনোয়ারা বেগম নামের দুজনকে গ্রেপ্তার করেছে। থানা-পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে বারইগাতী গ্রামের খন্দকার গোষ্ঠীর বিপুল মিয়া ও প্রামাণিক গোষ্ঠীর আমিরুল ইসলামের সঙ্গে ক্যারম খেলা নিয়ে গয়হাট্টা বাজারে ঝগড়া হয়। রাত ১০টার দিকে বাড়ি ফেরার পর উভয় পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় কথা-কাটাকাটি শুরু হয়। এ সময় খন্দকার গোষ্ঠীর আমির হোসেনের লোকজন অপর পক্ষের বাহাদুরের বাড়িতে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১১ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে বাহাদুর প্রামাণিক (৪০), আবু বক্কার সিদ্দিক (৪২), বাহাজ উদ্দীন (৩৫) ও আমেনা বেগমকে (২৮) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মধ্যরাতে বাহাদুর প্রামাণিক মারা যান। উল্লাপাড়া থানার ওসি বিমান কুমার দাস জানান, সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।