ক্যারাম পূজায় মাদককে 'না' বলার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সদর উপজেলার পালি পল্লিতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ক্যারাম পূজা উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে পালি আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মাদককে ‘না’ বলার শপথ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।

>১৫টি সাংস্কৃতিক দল ক্যারাম উৎসবে নেচে-গেয়ে দর্শকদের মাতিয়ে রাখে। এ ছাড়া ২০ জন স্কুল ও কলেজপড়ুয়া কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়

পালি আদিবাসী জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিদ্যালয় মাঠে পৃথক পৃথক কর্মসূচিতে জয়পুরহাট, দিনাজপুর ও নওগাঁ জেলার বিভিন্ন গ্রাম থেকে বিপুলসংখ্যক ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষ অংশ নেন। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে দুপুর ১২টায় অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। এতে সভাপতিত্ব করেন পালি আদিবাসী জনকল্যাণ সংস্থার সভাপতি কমল মিনজি। বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের জয়পুরহাট জেলা কমিটির সভাপতি বাবুল রবিদাস, শ্যামাচরণ সিং, মিতালী লাকরা, স্বপন মিনজি, শ্যামল মিনজি ও পালি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র সিং।
অনুষ্ঠানে বিভিন্ন গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৫টি সাংস্কৃতিক দল ক্যারাম উৎসবে নেচে-গেয়ে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখে। অনুষ্ঠানে পালি ও আশপাশের গ্রামের ২০ জন স্কুল ও কলেজপড়ুয়া কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।
স্থানীয় যুবকেরা মাদককে ‘না’ বলেন। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় যুবক স্বপন মিনজি।
জয়পুরহাট সরকারি কলেজের ইংরেজি বিভাগের স্নাতক ((সম্মান) প্রথম বর্ষের ছাত্রী শ্যামলি তির্কি ও ডিগ্রি ক্লাসের ছাত্র স্বপন মিনজি বলেন, তাঁরা পালি আদিবাসী সমাজকল্যাণ সংগঠনের মাধ্যমে তিন-চার বছর ধরে তাঁদের এলাকায় সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করছেন। কিছুটা হলেও তার সুফল তাঁরা পেয়েছেন।
ওই গ্রামের শিক্ষক শ্যামল চন্দ্র সিং বলেন, এখানকার ছেলেমেয়েরা লেখাপড়ায় এগিয়ে যাওয়ায় মাদকের প্রভাব অনেক কমেছে।