ক্যারি অন প্রথা চালু রাখার দাবিতে বিএমডিসিতে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব শিক্ষাবর্ষে ক্যারি অন প্রথা চালু রাখার দাবিতে বিভিন্ন মেডিকেল কলেজের কয়েক শ শিক্ষার্থী আজ বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রায় সাত ঘণ্টা ঘেরাও করে রাখে। বেলা ১টার দিকে তারা বিএমডিসি কার্যালয়ে তালাও ঝুলিয়ে দেয়। দাবি বিবেচনার আশ্বাস দিলে সন্ধ্যা ৬টায় তারা ঘেরাও কর্মসূচি তুলে নেয়।

২০১২ সালের এমবিবিএস পাঠ্যক্রমে প্রথম পেশাগত পরীক্ষায় ফেল করলে শিক্ষার্থীরা নিয়মিত ব্যাচের সঙ্গে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারবে না এমন শর্ত ছিল। এ মাসের শুরুর দিকে মেডিকেল শিক্ষার্থীরা এই প্রথা বাতিলের দাবিতে রাস্তায় নামে। সপ্তাহ দু-এক আগে তারা দেশজুড়ে মানববন্ধনও করে। আন্দোলনের মুখে গত ৮ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে, এই পাঠ্যক্রমের আওতায় আসা প্রথম ব্যাচটির ক্ষেত্রে শর্ত শিথিল করা হয়। কিন্তু শিক্ষার্থীরা এই প্রথা সম্পূর্ণ বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত রাখে।

বিএমডিসির চেয়ারম্যান আবু সফি আহমেদ আমিন প্রথম আলোকে বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর আমরা তাঁদের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছি। আমরা শিক্ষার্থীদের কোনো হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ জানালে একপর্যায়ে তারা ঘেরাও তুলে নেয়।’ ওই সময় বিএমডিসিতে চেয়ারম্যান ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহ-উপাচার্য শারফুদ্দিন আহমেদ, বেসিক সায়েন্স অনুষদের ডিন এম ইকবাল আর্সলান, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ মাকসুদুল আলম উপস্থিত ছিলেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের একজন নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বিএমডিসি দাবি মেনে নিলেই শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবে। এ দাবির সঙ্গে মেডিকেল কলেজের সব বর্ষের শিক্ষার্থীরা একমত। দাবি মেনে নেওয়া না হলে শিক্ষানবিশ চিকিৎসকেরা কাজ বন্ধ করে দেবেন। আজও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসকেরা কয়েক ঘণ্টা কাজ বন্ধ রাখেন।

বিএমডিসির একাধিক দায়িত্বশীল সূত্র বলেছে, শিক্ষার্থীরা যেন প্রথম বছর থেকেই লেখাপড়ায় মনোযোগী হয় সে জন্যই এ শর্ত দেওয়া হয়। শিক্ষার মানোন্নয়নের জন্য বিভিন্ন পক্ষের সঙ্গে কয়েক বছর ধরে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।