ক্যারিয়ার কর্মশালা
বিশ্ববিদ্যালয়ের পড়া শেষেই কর্মজীবনে প্রবেশ করার স্বপ্ন দেখেন সব শিক্ষার্থী। কিন্তু নিজেকে কীভাবে তৈরি করতে হবে, সেটা অনেকেই জানেন না। এই গুরুত্বপূর্ণ বিষয়টি শিক্ষার্থীদের শেখানো বা জানানোর দায়িত্ব নিয়ে ব্রাক বিশ্ববিদ্যালয় ও প্রথম আলো জবস আয়োজন করেছে ক্যারিয়ার কর্মশালা। ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও প্রথম আলো জবসের যৌথ উদ্যোগে আগামী ২৬ ও ২৭ অক্টোবর হতে যাচ্ছে ক্যারিয়ার ফেয়ার-২০১৩।
এর আগেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রস্তুত করতে গতকাল বুধবার রাজধানীর মহাখালী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজন করা হয় একটি কর্মশালা। ‘প্যাকেজিং, সেলিং অ্যান্ড ব্রান্ডিং ইয়োরসেলফ টু দ্য পোটেনশিয়াল স্টেক হোল্ডারস’ শীর্ষক এ কর্মশালার মূল আলোচক ছিলেন প্যাসিফিক টেলিকম বাংলাদেশ লিমিটেডের মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নজরুল ইসলাম। সবার জন্য উন্মুক্ত এই কর্মশালায় কর্মজীবনে প্রবেশের জন্য নিজেকে কীভাবে তৈরি করতে হবে, ইন্টারভিউ বোর্ডে পরীক্ষকদের মুখোমুখি, ভয় কাটিয়ে জটিল প্রশ্নের সরল ও আত্মবিশ্বাসী উত্তর, সাধারণত কী ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়, কোন উপায়ে বিভিন্ন শিল্পখাত সম্পর্কে বিশদ জানা যায়, সর্বোপরি পরীক্ষকদের মন পাওয়া বা তাঁদের মুগ্ধ করে নিজের চাকরি বা অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর বিভিন্ন কৌশল জানানো হয়েছে।
কর্মশালায় প্রথম আলো জবসের হেড অব অপারেশন্স হুমায়রা শারমীন, সহকারী ব্যবস্থাপক আরিফ হোসেন ও তানজিলা ইউসুফজাই, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সার্ভিস বিভাগের উপদেষ্টা কুমার মুর্শিদ, একই বিভাগের দুই কর্মকর্তা কাজী শাহনুর কবির ও রাকশিন্দা হক উপস্থিত ছিলেন।