ক্যারিয়ার সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) এবং অনলাইন ক্যারিয়ার পোর্টাল চাকরি ডটকমের যৌথ উদ্যোগে ১০ ডিসেম্বর বিইউবিটি ক্যাম্পাসে ক্যারিয়ার-বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। মিরপুরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে ক্যারিয়ার টক উইথ এইচ আর প্রফেশনাল শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক মো. আবু সালেহ। এইচ আর প্রফেশনাল হিসেবে ওই সেমিনার পরিচালনা করেন মানবসম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক রুবায়েত তৌহিদ সিদ্দিকী ও চাকরি ডটকমের হেড অব বিজনেস মো. রেদওয়ান-উল-হক।
রুবায়েত তৌহিদ সিদ্দিকী সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সিভিতে কীভাবে নিজেদের যোগ্যতা ও দক্ষতা সুন্দরভাবে উপস্থাপন করবেন এবং চাকরির সাক্ষাৎকার পর্বে নিজেকে কতটা গুরুত্বপূর্ণভাবে উপস্থাপন করা সম্ভব ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। তিনি উপস্থিত শিক্ষার্থীদের ক্যারিয়ার-বিষয়ক নানা প্রশ্নের উত্তর দেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন।
সেমিনারে স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট রেজিস্ট্রার এ এইচ এম আজমল হোসেন জানান, এই সেমিনার শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের পছন্দের চাকরিতে জায়গা করে নিতে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। মো. আবু সালেহ বলেন, এই সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা সম্ভাব্য কর্মজীবন চিহ্নিত করতে সক্ষম হবেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভাগীয় প্রধানেরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।