ক্যাশিয়ারের পকেটে রায়পুর পৌরসভার ১৫ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ক্যাশিয়ার মো. নোমান সিদ্দিকী ওরফে মঞ্জু অফিসের সাড়ে ১৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। গতকাল মঙ্গলবার পৌরসভার মাসিক সাধারণ সভায় অর্থ আত্মসাতের ঘটনায় ক্যাশিয়ারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় তাঁকে সাময়িকভাবে বরখাস্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। এর আগে তাঁকে কারণ দর্শানের নোটিশ দেওয়া হয়।
নিরীক্ষায় টাকা আত্মসাতের বিষয়টি ধরা পড়লে একটি প্রভাবশালী মহল ঘটনা ধামাচাপা দিতে তৎপর হয়ে ওঠে টাকা আদায় করতে পৌরসভার মেয়র এ বি এম জিলানী ক্যাশিয়ারকে নিয়ে কয়েক দফা বৈঠক করেন।
পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১-১২ ও ২০১২-১৩ অর্থবছরের নিরীক্ষা গত ২৬ ডিসেম্বর শুরু হয়। শেষ হয় ৩ জানুয়ারি। ওই নিরীক্ষায় ক্যাশিয়ার ১৫ লাখ ৫৯ হাজার ২১ টাকা ব্যাংকে জমা দেননি বলে ধরা পড়ে। পরে কর্মকর্তারা অবিলম্বে এ টাকা ব্যাংকে জমা দিতে নির্দেশ দেন। এর আগে ২০০৫ সালে পৌরসভার হিসাবরক্ষক মাহমুদুর রশিদ নয় লাখ টাকা নিয়ে বিদেশে চলে যান। পরে অবশ্য ওই টাকা আদায় করা হয়।
পৌরসভার সচিব আবদুল কাদের জানান, নিয়ম অনুযায়ী পৌর কর, দরপত্র বিক্রির টাকা, নাগরিক সনদের টাকাসহ বিভিন্ন খাতের অর্থ কর্মকর্তা-কর্মচারীরা ক্যাশিয়ারের কাছে জমা দেন। ক্যাশিয়ার ওই টাকা সঙ্গে সঙ্গে বা পরদিন ব্যাংকে জমা দেবেন। হিসাবরক্ষকসহ সংশ্লিষ্টরা বিষয়টি তদারকি করবেন।
ওই কার্যালয়ের কয়েকজন কর্মচারী বলেন, অফিসের টাকা ব্যাংকে জমা না দিয়ে নোমান নিজের পকেটে রেখে জঘন্য অপরাধ করেন। কিন্তু কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। বরং গোপনীয়তার মাধ্যমে বিষয়টি সমঝোতার চেষ্টা করছে। এতে ভবিষ্যতে অপরাধীরা আরও উৎসাহিত হবে।
তবে ক্যাশিয়ার নোমান সিদ্দিকী বলেন, ‘বিষয়টি সমঝোতা হয়ে গেছে। আপনি মেয়রের সাথে কথা বলেন। তা ছাড়া আমার বিরুদ্ধে একটি পক্ষ নানাভাবে ষড়যন্ত্র করছে।’
জানতে চাইলে পৌরসভার মেয়র এ বি এম জিলানী বলেন, টাকাগুলো আদায়ের চেষ্টা চলছে। ইতিমধ্যে নোমানের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা আদায় করা হয়েছে। বাকি টাকার চেক নেওয়া হয়েছে। অপকর্মে জড়িত থাকায় তাঁর বিরুদ্ধে পরে ব্যবস্থা নেওয়া হবে।