ক্রমবর্ধমান ছিনতাই প্রতিরোধে নাগরিক সমাবেশের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরে ক্রমবর্ধমান ছিনতাই প্রতিরোধে নাগরিক সমাবেশের ডাক দিয়েছেন মেয়র ফখরুল আলম। আগামীকাল মঙ্গলবার শহরের ভৈরবপুর ঈদগাহ মাঠে এ কর্মসূচি পালন করা হবে।
মেয়র ফখরুল আলম বলেন, শহরের মূল পয়েন্টে প্রতিদিন ছিনতাই হচ্ছে। ইদানীং ছিনতাইকারীরা শুধু টাকাপয়সা নিয়ে খুশি হন না, ছুরিকাঘাত করে ফেলে রেখে যান। ছিনতাই প্রতিরোধে পুলিশ ব্যর্থ। আমরাও যদি ব্যর্থ হই, তাহলে নাগরিকেরা যাবেন কোথায়। মানুষ ও ছিনতাইকারী এক শহরে থাকার সুযোগ নেই। হয় আমরা থাকব, না হয় ছিনতাইকারীরা। সমাবেশে ছিনতাই প্রতিরোধে করণীয় নির্ধারণ করা হবে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বলেন, ছিনতাই যেমন বেড়েছে, তেমনি তাঁরাও বসে নেই। প্রতিদিন কয়েকজন ছিনতাইকারীকে ধরা হচ্ছে। এক সপ্তাহে ১০ জন ছিনতাইকারীকে ধরে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, শহরের নাটাল সড়ক, পাওয়ার হাউস রোড, রেলওয়ে কলোনির আদ্য শক্তি মাতৃমন্দির, গাছতলাঘাট সেতু, এমপি বালিকা উচ্চবিদ্যালয় ও স্টেশন সড়কে প্রায় প্রতিদিনই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এর মধ্যে নাটাল ও পাওয়ার হাউস স্থান দুটি বেশি ছিনতাই-প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। দুই বছরের ব্যবধানে নাটাল সড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিন ব্যক্তি প্রাণ হারান। তাঁরা হলেন ভৈরব থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান, প্রাণ কোম্পানির বিক্রয় প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস ও উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. পলাশ। সর্বশেষ ৭ মার্চ রাত সোয়া ১১টার দিকে পলাশ নিহত হন।
পৌর বাসিন্দারা বলেন, গত শনিবার রাত পৌনে নয়টার দিকে পাওয়ার হাউস রোডে গোছামারা গ্রামের জীবন মিয়া (৩০) ও আলী হোসেন (৩২) নামের দুই ক্ষুদ্র ব্যবসায়ী ছিনতাইয়ের কবলে পড়েন। বৃহস্পতিবার রাত নয়টার দিকে আদ্য শক্তি মাতৃমন্দির এলাকায় আবু হানিফ (২২) ও কাজল মিয়া (২১) নামের দুই তরুণের কাছ থেকে ছিনতাইকারীরা মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। আগের দিন বুধবার পাওয়ার হাউস সড়কে ভৈরবের শিমুলকান্দি গ্রামের ব্যবসায়ী ইসলাম উদ্দিন (৪৫) ছিনতাইকারীর কবলে পড়েন। ২ মার্চ রাত সোয়া সাতটার দিকে নাটাল সড়কে তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ২৯ ফেব্রুয়ারি রাত নয়টার দিকে পাওয়ার হাউস সড়কে পৌর এলাকার চন্ডিবের দক্ষিণ পাড়ার আবু জাহের (৪০) ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে তিনি এখন জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ভৈরবে আইনশৃঙ্খলা রক্ষায় অনেক পুলিশ কাজ করছে। পরিবেশ স্বাভাবিক রাখতে ওসিকে সতর্ক করা হয়েছে।