ক্রমবর্ধমান বৈষম্য বিস্ফোরণোন্মুখ পরিস্থিতি সৃষ্টি করেছে: ড. ইউনূস
বাড়তে থাকা ধনী ও দরিদ্রদের মধ্যকার বৈষম্য বিশ্বব্যাপী বিস্ফোরণোন্মুখ পরিস্থিতির (টিকিং টাইম বোমা) সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বৈষম্যকে নিয়ন্ত্রণ করতে না পারলে সামাজিক ও আর্থিক উত্তেজনা বাড়ার মধ্য দিয়ে বিস্ফোরিত হবে এই বোমা।
আজ বৃহস্পতিবার থমসন রয়টার্স ফাউন্ডেশনকে এ কথা বলেন মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘তোমার যত অর্থ আছে, আমি তোমাকে তার চেয়ে বেশি অর্থ দেব’—ব্যাংকিং ও অর্থনৈতিক ব্যবস্থা এমন এক বিশ্ব তৈরি করেছে, যেখানে বিশ্বের অধিকাংশ মানুষকে মানসম্পন্ন জীবনযাত্রা ও সম্পদ থেকে বঞ্চিত রাখা হয়েছে।
ক্ষুদ্রঋণের প্রবর্তক ড. ইউনূস আরও বলেন, ‘সম্পদ বিশ্বের মাত্র অল্প কয়েকটি জায়গায় জড়ো হয়েছে।...এটা একটি বিস্ফোরণোন্মুখ বোমা। এটা বিশ্বের জন্য বিরাট হুমকি।’
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়াকে বৈশ্বিক সম্পদের বৈষম্যের লাগাম টেনে ধরতে ব্যর্থ শাসকগোষ্ঠীর ওপর জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে বর্ণনা করেছেন ড. মুহাম্মদ ইউনূস।
দাতব্য সংস্থা অক্সফামের ২০১৬ সালের এক প্রতিবেদনে দেখা গেছে, ২০১০ সালের পর থেকে বিশ্বের সবচেয়ে ধনী ৬২ জনের সম্পদ বেড়েছে ৪৪ শতাংশ। আর অতিরিক্ত ধনীদের প্রায় অর্ধেকেরই বাস যুক্তরাষ্ট্রে। আর ওই সময়ের মধ্যে বিশ্বের দরিদ্রতম ৩৫০ কোটি মানুষের সম্পদ কমেছে ৪১ শতাংশ। ড. ইউনূস বলেন, ‘এটা নিম্ন আয়ের মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করেছে। তারা এর জন্য শরণার্থী ও সংখ্যালঘু এবং অসাধু রাজনীতিবিদদের দায়ী করেছে।’
অভিবাসীদের প্রবেশ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে মেক্সিকো সীমান্তে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়াল নির্মাণের প্রতিশ্রুতির বিষয়ে ড. ইউনূস বলেন, ‘আপনি অন্য লোকদের বিশ্বাস করেন না, তাই আপনি দেয়াল নির্মাণ করছেন।’ নির্বাচনী প্রচারণার সময় মেক্সিকোর অভিবাসীদের ধর্ষক ও অপরাধী বলে বর্ণনা করেন ডোনাল্ড ট্রাম্প।