রাজধানীর ইস্টার্ন টাওয়ারে ডাকাতির পর ডাকাত দলটি ঢাকার বাইরে চলে যায়। এখন তারা ক্রমাগত স্থান বদলাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ডাকাতদের পিছু ধাওয়া করছে পুলিশের একাধিক দল।গত রোববার দুপুরে বাংলামোটরের ইস্টার্ন টাওয়ারে ব্যবসায়ী ইকরামুল কদরের ফ্ল্যাট থেকে অস্ত্রের মুখে সোয়া কোটি টাকার মালামাল নিয়ে যায় ডাকাতেরা। এরপর ডাকাতের খোঁজে পুলিশ পুরো কমপ্লেক্সের দেড় শ ফ্ল্যাটে তল্লাশি চালায়।মামলা-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রোববার ডাকাতি করেই দলটি ঢাকা ছেড়ে চলে যায়। এখন তারা ক্রমাগত অবস্থান পরিবর্তন করছে। তাই সহজে তাদের ধরতে পারছে না পুলিশ।জানতে চাইলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের বিভিন্ন সংস্থার চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে গ্রেপ্তার হওয়া চার নিরাপত্তাকর্মী ও দুই গাড়িচালকের রিমান্ড গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে।পুলিশ জানিয়েছে, অত্যাধুনিক সব সুবিধা নিয়ে ইস্টার্ন টাওয়ার তৈরি হলেও এর অনেক কিছুই এখন আর কাজ করে না।