ক্রমিক খুনি নিয়ে অন্ধকারে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণখানে একই কায়দায় মধ্যবয়সী তিন নারীকে হত্যার ঘটনায় এখনো অন্ধকারে পুলিশ। হত্যাকাণ্ডের ছয় মাস পরও আসামি গ্রেপ্তার না হওয়ায় ওই এলাকার মানুষ এখনো আতঙ্কে রয়েছে। সেই আতঙ্ক কাটিয়ে তাদের সতর্ক থাকতে পুলিশের পক্ষ থেকে মাইকিং ও পোস্টার লাগানো হয়েছে।
হত্যাকাণ্ডের শিকার নারীরা হলেন উত্তর গাওয়াইরের গৃহকর্ত্রী শাহিদা বেগম (৫০), তেঁতুলতলা রোডের গৃহকর্ত্রী সুমাইয়া বেগম (৫২) ও আশকোনার ওয়াহিদা আক্তার (৪৮)। গত ২৪ জুলাই, ২১ আগস্ট ও ৭ সেপ্টেম্বর হত্যার ঘটনাগুলো ঘটে।
নিহত নারীদের স্বজনেরা বলছেন, প্রতিটি হত্যাকাণ্ডেই চাপাতি ব্যবহার করা হয়েছে। আর হত্যাকারী ছিলেন একজন যুবক। তাঁর বয়স আনুমানিক ২৩ থেকে ২৬ বছর। বাড়ি ভাড়া নেওয়ার কথা বলে ওই যুবক বাসায় ঢোকেন। এরপর বাড়ি দেখার নাম করে ভেতরে ঢুকে গৃহকর্ত্রীকে খুন করে স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয় যান।
এই তিনজনকে হত্যা ছাড়াও একই ব্যক্তির হামলায় ২৫ জুলাই আশকোনা মেডিকেল রোড এলাকার গৃহকর্ত্রী মাহিরা বেগম (৫০) ও ৩১ আগস্ট মুনশি মার্কেট এলাকার জেবুন্নিছা চৌধুরী (৫৬) মারাত্মক আহত হন। চিকিৎসা শেষে তাঁরা এখন বাড়ি ফিরেছেন। এসব ঘটনা নিয়ে দক্ষিণখান থানায় মামলা হয়েছে।
মামলার তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, হামলাকারী একজন ‘ক্রমিক খুনি’।
জানতে চাইলে গতকাল শনিবার ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার নুরুল আমিন বলেন, হামলা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের তদন্ত চলছে।
দক্ষিণখান থানা-পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পর একটি বাড়ির ক্লোজড সার্কিট ক্যামেরা থেকে ১০ ঘণ্টার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পরে ফুটেজটি পর্যবেক্ষণ করে খুনি সম্পর্কে ধারণা পাওয়া গেছে। ফুটেজের কিছু অংশ পরে ঢাকা মহানগর পুলিশের অনলাইন নিউজ পোর্টালেও দেওয়া হয়। ফুটেজে দেখা যায়, হত্যাকাণ্ডে জড়িত যুবকের গায়ের রং ফরসা, মাথার চুল ছোট। ফরমাল শার্ট-প্যান্ট পরা। কাঁধে ব্যাগ নিয়ে তিনি এসেছিলেন। পুলিশের ধারণা, এই ব্যাগেই খুনি হত্যাকাণ্ডে ব্যবহার করা চাপাতি এনেছিলেন।
এই ক্রমিক খুনি সর্বশেষ হামলা করেছিলেন ওয়াহিদা আক্তারের ওপর। চাপাতি দিয়ে মাথা ও ঘারে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়। ওয়াহিদার দেবর ইলিয়াস মজুমদার জানান, তাঁদের বাড়িটি ছয়তলা। দ্বিতীয় তলায় গৃহকর্ত্রী ওয়াহিদা থাকতেন। ষষ্ঠ তলা ভাড়া দেওয়ার জন্য বাড়ির সামনে নোটিশ টানানো ছিল। ঘটনার দিন বিকেলে বাড়ি ভাড়া নেওয়ার কথা বলে ওই যুবক দ্বিতীয় তলায় যান। পরে ওয়াহিদার সঙ্গে ষষ্ঠ তলার ফ্ল্যাট দেখতে যান। এর কিছুক্ষণ পর ষষ্ঠ তলায় গিয়ে ওয়াহিদার মরদেহ পাওয়া যায়।
এই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও দক্ষিণখান থানার পরিদর্শক (অভিযান) মো. মনিরুজ্জামান বলেন, হত্যাকারী সম্পর্কে কোনো সূত্রই পাওয়া যাচ্ছে না। তাই তাঁকে গ্রেপ্তার করা যাচ্ছে না।
ভিডিও ফুটেজ সম্পর্কে জানতে চাইলে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, ফুটেজটি অত্যন্ত অস্পষ্ট ছিল। খুনিকে তাই শনাক্ত করা যায়নি। তারপরও ওই ফুটেজ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট, সিরিয়াস ক্রাইম ইউনিট ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে দেওয়া হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে প্রয়োজনীয় সব উপায়েই তদন্ত করে খুনিকে শনাক্ত করার চেষ্টা চলছে।