ক্রমিক খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালতে ক্রমিক খুনি রসু খাঁ। ছবি: প্রথম আলো
আদালতে ক্রমিক খুনি রসু খাঁ। ছবি: প্রথম আলো

খুলনার এক পোশাক-কর্মীকে হত্যার দায়ে চাঁদপুরের ক্রমিক খুনি রসু খাঁকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুণাভ চক্রবর্তী এ রায় দেন।

বাদী পক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) সায়দুল ইসলাম জানান, ২০০৮ সালের ১৭ ডিসেম্বর খুলনার দৌলতপুর এলাকার পোশাক-কর্মী শাহিদাকে (১৯) কৌশলে চাঁদপুর সদর উপজেলার সোহবানপুর এলাকায় ডাকাতিয়া নদীর পারে এনে হাত-পা বেঁধে হত্যা করে ফেলে যান। এ ঘটনায় চাঁদপুর মডেল থানার এসআই নজরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। তৎকালীন জ্যেষ্ঠ বিচারিক হাকিম আব্দুর রহমানের কাছে রসু খাঁ ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।

২০০৯ সালের ৭ অক্টোবর রাতে তাঁকে টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয়। এর পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে রসু খাঁর হাতে সংঘঠিত খুনের কাহিনি বেরিয়ে আসতে থাকে। তিনি যে ১১টি হত্যাকাণ্ড ঘটিয়েছেন, এর মধ্যে ফরিদগঞ্জে ছয়টি, চাঁদপুর সদরে চারটি এবং হাইমচরে একটি। রসু যাঁদের হত্যা করেছেন, তাঁরা সবাই ছিলেন ১৬ থেকে ৩৫ বছরের পোশাক-কর্মী। রসু খাঁ বর্তমানে চাঁদপুর জেলা কারাগারে আছেন।

বর্তমানে তাঁর বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে একটি এবং অতিরিক্ত জেলা জজ আদালতে সাতটি মামলার বিচারকাজ চলছে।