ক্রমেই বেরিয়ে আসছে নারীর গৌরবগাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা আন্দোলনের ইতিহাস ক্রমেই উন্মোচিত করছে নারীর অংশগ্রহণের গৌরবগাথা। ২১ ফেব্রুয়ারি আমাদের প্রত্যয় ও গর্বের দিন। সেদিন ভাষাকে রক্ষা করার জন্য পুরো জাতি এক সত্তায় পরিণত হয়েছিল। মানুষ একতাবদ্ধ হলে সবই সম্ভব।
গতকাল শনিবার বিকেলে ধানমন্ডির ইএমকে সেন্টারে ভাষা আন্দোলনে নারীর অবদান নিয়ে আলোচনায় একাধিক বক্তা এ কথা বলেন। লেখক ও অনুবাদকদের সংগঠন ‘গাঁথা’ এই আলোচনার আয়োজন করে।
গাঁথার সদস্য নারীনেত্রী মালেকা বেগমের লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য পাপড়ি রহমান।
পাপড়ি রহমান বলেন, ১৯৫২ সালে ভাষা আন্দোলনের ইতিহাস ক্রমশই উন্মোচিত করছে নারীর অংশগ্রহণের গৌরবগাথা। সব ইতিহাসেই নারী উপেক্ষিত। বিশ্ব প্রেক্ষাপটেও যেমন সত্য, তেমনি বাংলাদেশের ক্ষেত্রেও।
স্মৃতিচারণা করে ভাষাসংগ্রামী জওশন আরা রহমান বলেন, ‘ভাষা আমাদের সম্পদ ও শক্তি। সেদিন ভাষাকে রক্ষা করার জন্য পুরো জাতি এক সত্তায় পরিণত হয়েছিল, একতাবদ্ধ হয়েছিল। যেভাবে বাংলাকে আমরা রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছি। যেভাবে একতাবদ্ধ হয়ে স্বাধীন বাংলাদেশ লাভ করেছি—সে আদর্শে এগিয়ে যাব।’
ভাষাসংগ্রামী আয়েশা আক্তার খাতুন বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তি নানা অপকর্মে যুক্ত আছে। নতুন প্রজন্মের ওপর আমার দৃঢ় বিশ্বাস আছে, তারা বাংলাদেশকে ভাষা আন্দোলনের চেতনায় একটি আধুনিক দেশ হিসেবে গড়ে তুলবে। যে দেশ হবে অসাম্প্রদায়িক এবং যেখানে মানুষ সমান অধিকার নিয়ে বাস করবে।’
সংগঠনের প্রতিষ্ঠাতা নিয়াজ জামানের সঞ্চালনায় আলোচনায় ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী হালিমা খাতুন, রওশন আরা বাচ্চু ও সুফিয়া ইব্রাহীমের ভূমিকা তুলে ধরেন সাংবাদিক রীতা ভৌমিক।
পরে মাহবুব উল আলম চৌধুরীর লেখা একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ পাঠ করেন কবি কাজী রোজী। অন্যদের মধ্যে সংগঠনের সদস্য নূরজাহান বোস, জাহানারা নওশীন, শাহরুখ রহমান ও নিগার সুলতানা উপস্থিত ছিলেন।