ক্রস ড্যামের কারণে হাজার একরের বোরো খেত প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রস ড্যামের কারণে বগুড়ার আদমদীঘি উপজেলার রক্তদহ বিল এলাকায় প্রায় হাজার একরের বোরো ধান পানিতে তলিয়ে গেছে। সাম্প্রতিক বৃষ্টির কারণে রফলে বিলে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় আশপাশের ১০টি গ্রামের কয়েক শ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আদমদীঘির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম জানান, যে ক্রস ড্যামের কারণে এ সমস্যা, সেটির অবস্থান নওগাঁর রানীনগর উপজেলায়। এ কারণে বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট দুই উপজেলা পরিষদের মধ্যে আলোচনা করে দ্রুত সমস্যা নিরসনের উদ্যোগ নেওয়া হবে।
সরেজমিন গত শনিবার সকালে দেখা গেছে, করজবাড়ি গ্রাম এলাকায় বিলে পানিতে তলিয়ে যাওয়া পাকা ধান কৃষকেরা কাটছেন। কেউ নৌকায়, আবার কেউ আঁটি বেঁধে ধান ডাঙায় তোলার চেষ্টা করছেন। কোথাও ধান পচে পানিতে লুটিয়ে পড়েছে। একই চিত্র দেখা যায় গণিপুর, কদমা, ছাতনি, ঢেকড়া, সান্দিড়া এবং দমদমাসহ আরও কয়েকটি গ্রামে।
করজবাড়ি গ্রামের কৃষক খোকা মিয়া জানান, এ বছর প্রায় ১০ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। সব জমি বিলের মধ্যে হওয়ায় ধান পানিতে তলিয়ে গেছে। তিনি বলেন, ‘বাইরে থেকে আসা শ্রমিকেরা পানিতে জোঁকের ভয়ে ধান কাটতে চান না। নিরুপায় হয়ে নিজে মাত্র দেড় বিঘা জমির ধান কাটছি। কিন্তু ধান পচে যাওয়ায় তা থেকে ভাত খাওয়া সম্ভব হবে না।’ একই গ্রামের কৃষক জালাল হোসেন বলেন, বিল এলাকার জমিতে প্রতি বিঘায় প্রায় ২৫ মণ করে ধান উৎপন্ন হয় । কিন্তু পানিতে ডুবে যাওয়ায় অর্ধেক ধানও পাওয়া যাচ্ছে না।
গণিপুর গ্রামের কৃষক দেলোয়ার হোসেন জানান, ক্রসড্যাম নির্মাণের কারণে তাঁদের জমির ফসল পানিতে ডুবে গেছে। এই ড্যাম নির্মাণের আগে কোনো দিন তাঁদের ফসল পানিতে ডোবেনি।
আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফি আহম্মেদ বলেন, তিনিসহ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনওসহ উপজেলার অন্য কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মহিত তালুকদার জানান, তিনি এলাকায় গিয়ে কৃষকদের অবস্থা দেখে হতবাক হয়েছেন। তিনি বলেন, ‘দ্রুত এ সমস্যা সমাধানের চেষ্টা করা হবে, যেন ভবিষ্যতে কৃষকেরা ক্ষতির সম্মুখীন না হন।’