ক্রসফায়ার ও হেফাজতে মৃত্যু ১৪৮ নিখোঁজ ২৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ক্রসফায়ার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ১৪৮ জন মারা গেছেন। একই সময়ে ২৮ জন নিখোঁজ এবং রাজনৈতিক সংঘাতে ১৪৩ জন নিহত হয়েছেন। আর হিন্দু সম্প্রদায়ের ১০৩টি বাসস্থান ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) গতকাল বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়। জাতীয় দৈনিকে প্রকাশিত ও আসকের নিজস্ব সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই সংখ্যাগত প্রতিবেদনটি প্রকাশের কথা সংস্থার পক্ষে বলা হয়।
আসকের এই প্রতিবেদনে ধর্ষণ, যৌন হয়রানি, সাংবাদিক হয়রানি, সীমান্তে হত্যা, পারিবারিক নির্যাতন, গৃহপরিচারিকা নির্যাতন, কারা হেফাজতে মৃত্যু ও গণপিটুনিতে হত্যাকাণ্ডের তথ্য দেওয়া হয়েছে।
চলতি বছরের প্রথম তিন মাস বিএনপি-জামায়াতের টানা অবরোধ কর্মসূচি চলার সময় দেশে রাজনৈতিক সহিংসতার অনেক ঘটনা ঘটে।
আসকের প্রতিবেদন অনুযায়ী, গত নয় মাসে র্যা বের ক্রসফায়ারে ৩২ জন, পুলিশের ক্রসফায়ারে ৫৫ জন, র্যা ব ও বিজিবির ক্রসফায়ারে একজন, আনসারের ক্রসফায়ারে একজন, যৌথ বাহিনীর ক্রসফায়ারে একজন এবং সেনাবাহিনীর ক্রসফায়ারে ছয়জন মারা গেছেন। এ ছাড়া পুলিশের নির্যাতনে সাতজন, র্যা বের নির্যাতনে একজন এবং বিজিবির নির্যাতনে একজন মারা গেছেন। পুলিশের গুলিতে ২৩ জন এবং বিজিবির গুলিতে দুজন মারা গেছেন। থানাহাজতে আত্মহত্যা করেছেন তিনজন। গ্রেপ্তারের পর পুলিশের হেফাজতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে দুজন এবং র্যা ব হেফাজতে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একজন ট্রেনে কাটা পড়ে মারা গেলেও পরিবারের দাবি তাঁকে পুলিশ ট্রেনের নিচে ফেলে দেয়।
প্রতিবেদনে বলা হয়, পরিবার ও প্রত্যক্ষদর্শীর অভিযোগ অনুযায়ী, সাদাপোশাকে আসা ব্যক্তিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ৪৩ জনকে আটক করে নিয়ে যায়। এঁদের মধ্যে ছয়জনের লাশ পাওয়া গেছে, চারজন ফেরত এসেছেন এবং পরবর্তী সময়ে পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অবশ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব আটকের অভিযোগ অস্বীকার করেছে।
আসকের প্রতিবেদনে ৫৯১ জন নারী ধর্ষণের শিকার হওয়ার কথা বলা হয়েছে। এঁদের মধ্যে ৪৮ জন নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।