ক্রসফায়ার নয় জড়িতদের বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম হত্যাকাণ্ডের বিচার প্রচলিত আইনের মধ্যেই করার দাবি জানিয়েছেন তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানান তাঁরা।
সাপ্তাহিক কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে সকালে একটি মৌন মিছিল বের করেন ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদুল্লাহ কলা ভবনের সামনে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চ’-এ এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ইংরেজি বিভাগের সভাপতি মাসউদ আখতার বলেন, ‘সিদ্দিকী স্যার (অধ্যাপক রেজাউল করিম) হত্যার ৫০ দিন পেরিয়ে যাওয়ার পর হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত একজনকে ঢাকায় কথিত ক্রসফায়ার করা হয়েছে। কিন্তু আমরা ক্রসফায়ার নয়, দেশের প্রচলিত আইনে সুষ্ঠু বিচার চাই। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ সময় বিভাগের শিক্ষক অধ্যাপক অসীম কুমার দাস, অধ্যাপক শহীদুর রহমান, সহযোগী অধ্যাপক শেহনাজ ইয়াসমীনসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
গত ২৩ এপ্রিল রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাসা থেকে একটু দূরে দুর্বৃত্তদের হাতে খুন হন অধ্যাপক রেজাউল করিম। হত্যায় জেএমবির সংশ্লিষ্টতা আছে বলে দাবি করছে রাজশাহী মহানগর পুলিশ। এ ঘটনায় ‘জড়িত’ একজন গত ৭ জুন ভোরে ঢাকায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন বলে জানায় পুলিশ।