ক্রসফায়ার নয়, বন্দুকযুদ্ধ হয়: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন, তাঁর মতে দেশে কোনো ক্রসফায়ার হয় না। যা হয়, তা বন্দুকযুদ্ধ।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুর ১০ নম্বরে ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ দাবি করেন।
প্রতিমন্ত্রী চীন সরকারের দেওয়া ৫০টি অ্যাম্বুলেন্স ওই অনুষ্ঠানে গ্রহণ করেন। একই সঙ্গে ফায়ার সার্ভিসের বার্ন হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
গতকাল সোমবার রাজধানীর কদমতলী এলাকায় ওয়াসিম আলী ও সংগ্রাম চৌধুরী নামে দুই ব্যক্তি গুলিতে নিহত হন। ওই দুজন বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন দাবি করে আসাদুজ্জামান খান কামাল বলেন, নিহত দুই ব্যক্তি সন্ত্রাসী ছিলেন।
দেশের প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিসের স্টেশন করা হবে বলে অনুষ্ঠানে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।