আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, দেশে এখন আর কোনো ক্রসফায়ার নেই। ক্রসফায়ার বন্ধ হয়ে গেছে। গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ১৫তম বার্ষিক জেলা কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে শফিক আহমেদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া সরকারের আইওয়াশ বলে অনেকেই এমন অপপ্রচার চালাচ্ছেন। তাঁদের এ বক্তব্য ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়া সঠিক পথেই এগোচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আগামী বাজেটে আরও ১০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। তদন্ত কাজের অগ্রগতি সম্পর্কে আইনমন্ত্রী বলেন, সুষ্ঠুভাবে তদন্ত শেষ হওয়ার পরই মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে। তবে তদন্ত কাজ কতদূর এগিয়েছে, তা তদন্তকারী কর্মকর্তারাই বলতে পারবেন।