ক্রসফায়ারই মহৌষধ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন অপরাধী নিহত হলে আমাদের রাজনৈতিক সরকারগুলো সাধারণত বেশ স্বস্তি পায়। ১১ বছর আগে ২০০৪ সালে এ দেশে প্রথম বন্দুকযুদ্ধে নিহত হয়েছিলেন সেকালের ঢাকার এক শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নান। অপরাধী দমনের জন্য, বিশেষ করে অর্থ-বিত্ত-ক্ষমতাধরদের আশীর্বাদপুষ্ট যারা, তাদের দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই কৌশলে সাময়িক সাফল্যের সান্ত্বনা মেলে। তবে ওই সব বন্দুকযুদ্ধের বর্ণনার গরমিলগুলো ধরিয়ে দিয়ে মানবাধিকারকর্মী ও বিশেষজ্ঞরা সেগুলোকে বিনা বিচারে হত্যা বলেই অভিহিত করে থাকেন।
বিএনপি ক্ষমতায় থাকার সময়েও দেখা গেল, কথিত বন্দুকযুদ্ধের শিকার যারা হলো, তাদের একটা বড় অংশ তাদেরই দলের সদস্য বা সমর্থক। কিন্তু এদের ওপর দলের কোনো কার্যকর নিয়ন্ত্রণ নেই। পিচ্চি হান্নানও বিএনপির কর্মী ছিলেন। অবিকল একই ভাষ্য বারবার শুনতে শুনতে বিরক্ত এবং প্রতিবাদ জানাতে জানাতে ক্লান্ত আওয়ামী লীগ ও তার জোটের সঙ্গীরা ২০০৮ সালে নির্বাচনের সময় এই বেআইনি চর্চা বন্ধের অঙ্গীকার করে। কিন্তু নির্বাচিত হওয়ার পর সেই অঙ্গীকার তারা রাখেনি। বিএনপি জোটের আমল থেকে এ সময়ের পার্থক্য অবশ্য ছিল। আর সেই পার্থক্য দেখা গেছে এবার নিহত ব্যক্তিদের মধ্যে সরকারবিরোধী অনেকেই। এখন সেখানেও পরিবর্তন ঘটতে যাচ্ছে কি না, তা অচিরেই স্পষ্ট হবে বলে ধারণা করা যায়।
ছাত্রলীগের দুজন সদস্য—ঢাকার হাজারীবাগ থানা শাখার সভাপতি আরজু মিয়া এবং মাগুরা জেলার শালিখা পৌর শাখার সাবেক নেতা মেহেদী হাসান, যিনি আজিবর শেখ নামেই অধিক পরিচিত। গত ২৪ ঘণ্টার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ভাষায়, বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন তাঁরা। নিহত দুজনের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ ছিল, যে ধরনের অভিযোগ জনমনে ক্ষোভ এমনকি ঘৃণার জন্ম দেয়। আরজু মিয়া এবং তাঁর সঙ্গীরা সোমবার ১৬ বছরের এক কিশোর রাজা মিয়াকে পিটিয়ে হত্যা করেছেন। আর আজিবর শেখ ও তাঁর সহযোগীদের সঙ্গে নিজ দলের প্রতিদ্বন্দ্বীদের মাঠ দখলের লড়াইয়ের সময়ে চালানো গুলিতে একজন গর্ভবতী মা এবং তাঁর জঠরে থাকা শিশু গুলিবিদ্ধ হয়েছিল। ওই ঘটনায় নিহত হয়েছিলেন মোমিন ভুঁইয়া নামের একজন।
সারা দেশে শিশুদের প্রতি নিষ্ঠুরতার কয়েকটি মর্মস্পর্শী ঘটনার ধাক্কা দেশবাসী সামলে ওঠার আগেই জাতীয় শোক দিবস পালনকে কেন্দ্র করে চাঁদাবাজির বিরক্তি চরমে ওঠে চাঁদপুরে যুবলীগ কর্মীদের স্কুলছাত্রীদের ওপর হামলার ঘটনায়। ছাত্রলীগ ও যুবলীগকে আদর্শের পথে পরিচালিত করার জন্য গত কয়েক মাসে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের নানা উপদেশ, প্রশংসা ও তিরস্কারের নানা খবর দেশবাসীর কানে এতই বেসুরো লেগেছে যে, মনে হচ্ছে দেরিতে হলেও তাঁরা একটু নড়েচড়ে বসেছেন।
এটা মানা যায় না: ছাত্রলীগ, অ্যাকশন শুরু: ওবায়দুল কাদেরক্ষমতাসীনদের নানা জাতের দল-উপদলের দৌরাত্ম্য দমনের মহৌষধ হিসেবে শেষ পর্যন্ত এই ক্রসফায়ারের পথটিই বেছে নেওয়া হলো কি না, সেটাই এখন প্রশ্ন। যাদের অপরাধমূলক কাজকর্মে জনমনে ঘৃণা ও ক্ষোভ তৈরি হয়, তাদের সরিয়ে ফেললে জনমনে হয়তো সাময়িক স্বস্তি ফেরে। কিন্তু এই স্বল্পমেয়াদি কৌশল মূল সমস্যার স্থায়ী সমাধান দিতে পারে না। বরং এতে অনেক নতুন প্রশ্নের জন্ম হয়।
ক্ষমতাসীনেরা সব সময়েই বলে থাকেন যে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য জনগণের অবিশ্বাস করার কোনো কারণ নেই। যে কারণে ক্রসফায়ার নিয়ে গণমাধ্যমে কোনো প্রশ্ন উঠলে কিংবা মানবাধিকারবাদীরা এর সমালোচনা করলে তাঁরা ক্ষুব্ধ হন। এখন আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য যথার্থ হলে এ কথাটি তাঁরা কি মেনে নেবেন যে ছাত্রলীগ এখন অস্ত্রনির্ভর সংগঠনে পরিণত হয়েছে? কেননা, নিহত দুজনের পক্ষ থেকে গুলি ছোড়া না হলে তো বন্দুকযুদ্ধ হয় না। ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান অবশ্য তাঁর সহকর্মীদের মৃত্যুর ঘটনাকে ‘বিচারবহির্ভূত হত্যা’ বলেই অভিহিত করেছেন।
যাঁরা আইনের শাসনের কথা বলেন, তাঁরা অবশ্য বিচারবহির্ভূত এসব বন্দুকযুদ্ধের বিরোধিতা করেন অন্য আরেকটি কারণে। তাঁদের যুক্তি হচ্ছে, সুষ্ঠু বিচার হলে মাঠের অপরাধীর পেছনে থাকা শীততাপনিয়ন্ত্রিত ঘরে আরামকেদারায় বসে থাকা বড় অপরাধী-গডফাদারদের পরিচয় জানা যায়। তাঁদের অনেকেই তাই প্রশ্ন করেন, আসল অপরাধীদের বাঁচানোর জন্যই এসব প্রহসনের আয়োজন কি না।
মাত্র গত মাসেই ছাত্রলীগের জাতীয় সম্মেলন করে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। সে সময়ে সংগঠনটির প্রশংসায় দলের সেসব নেতা উচ্চকিত থাকলেও মাঝেমধ্যে কোনো কোনো মন্ত্রী তাঁদের ক্ষমতা ও বিত্তের পেছনে না ছুটে আদর্শের পথে চলার পরামর্শ দিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ কিছুদিন আগে দলটির সব পর্যায়ের নেতা-কর্মীদের (অঙ্গসংগঠনগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য বলে ধরে নেওয়া যায়) ‘খাই খাই’ মনোভাব পরিত্যাগের আহ্বান জানিয়েছেন। কিন্তু এসব তিরস্কার-উপদেশ কোনো কিছুই যে কাজে আসছে না, তার প্রমাণ টিভির পর্দা আর খবরের কাগজের পাতায় প্রতিদিনই পাওয়া যাচ্ছে। ছাত্রলীগকে প্রকাশ্যে সবচেয়ে বেশি পরামর্শ দেওয়ার সুনাম আছে যে নেতার, সেই ওবায়দুল কাদের ছাত্রলীগের সম্মেলনে বলেছিলেন, ছাত্রলীগ হবে ‘গেম চেঞ্জার’। দুর্ভাগ্যক্রমে সেটার নেতিবাচক দিকই আমরা দেখতে পাচ্ছি। একেবারে বেপরোয়া, লাগামছাড়া অবস্থা। এবং সেটা শুধু ছাত্রলীগ নয়, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ওলামা লীগ ইত্যাকার সব সহযোগী এবং কোথাও কোথাও মূল দলেও। যেমন দেখা যায় কক্সবাজার কিংবা গৌরীপুর অথবা নাটোরে। ওবায়দুল কাদের অবশ্য এখন বলছেন যে ‘সরকার কঠোর অবস্থান নিয়েছে। অ্যাকশন শুরু হয়ে গেছে’। তাহলে কি এ কথাই প্রমাণিত হয় যে সাংগঠনিক শৃঙ্খলা বলে দল এবং তার সহযোগী সংগঠনগুলোতে ক্ষমতাসীন রাজনীতিকদের কোনো নিয়ন্ত্রণ নেই? অতএব ‘ক্রসফায়ার’ই শেষ অস্ত্র বা মহৌষধ?