ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্বীকারোক্তি নিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থানায় নিয়ে নির্যাতনের পাশাপাশি ক্রসফায়ারের ভয় দেখানো হয় তাকে। স্থানীয় সাংসদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাও মারধর করেন। হাইকোর্টের কাছে নির্যাতনের এ ঘটনা বর্ণনা করল টাঙ্গাইলের সখীপুরে প্রতীমা বঙ্কি পাবলিক হাইস্কুলের এক শিক্ষার্থী। ভ্রাম্যমাণ আদালত দুই বছরের কারাদণ্ড দিয়েছেন তাকে। উচ্চ আদালতে এই শিক্ষার্থী বলে, ‘মারধরের চোটে স্বীকার করি, লিখেছি।’

এদিন সখীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাইকোর্টে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে তাঁদের বক্তব্য হলফনামা আকারে আদালতে দাখিল করেন। পাশাপাশি ওই শিক্ষার্থীর বক্তব্যও শোনেন আদালত।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গতকাল শুনানি নিয়ে ১৮ অক্টোবর আদেশের দিন রেখেছেন। পাশাপাশি ওই শিক্ষার্থীর বক্তব্য হলফনামা আকারে দাখিল করতে এবং ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এ প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে হলফনামাও দাখিল করতে বলেছেন আদালত।

‘বয় জেইলড ফর এফবি কমেন্ট অ্যাবাউট এমপি’ শিরোনামে ২০ সেপ্টেম্বর ডেইলি স্টার-এ একটি প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, ফেসবুকে টাঙ্গাইল-৮ আসনের সাংসদ অনুপম শাহজাহানকে ‘হুমকি’ দেওয়ায় টাঙ্গাইলের ভ্রাম্যমাণ আদালত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে ওই স্কুলছাত্রকে দুই বছরের কারাদণ্ড দেন। ফেসবুকে মন্তব্যের পরিপ্রেক্ষিতে এর আগে সাংসদের পক্ষে সখীপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়।

প্রতিবেদনটি নজরে আনা হলে ওই দিন হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল দেন, ব্যাখ্যা জানাতে সখীপুরের ইউএনও এবং ওসিকে হাইকোর্টে ২৭ সেপ্টেম্বর হাজির হতে নির্দেশ দেন। ধার্য তারিখে শিক্ষার্থীকেও আদালতে হাজির হতে বলা হয়।

গতকাল ইউএনও মোহাম্মদ রফিকুল ইসলাম, ওসি মোহাম্মদ মাকসুদুল আলম ও শিক্ষার্থী হাইকোর্টে হাজির হন। ইউএনওর পক্ষে আইনজীবী শ ম রেজাউল করিম, ওসির পক্ষে আইনজীবী নুরুল ইসলাম সুজন শুনানিতে অংশ নেন। প্রকাশিত ওই প্রতিবেদন আদালতের নজরে আনা আইনজীবী খুরশীদ আলম খান শুনানিতে অংশ নেন।

গতকালের শুনানি: শুরুতে দুই কর্মকর্তার পক্ষে হলফনামা ও জুডিশিয়াল রেকর্ড দাখিল করেন তাঁদের আইনজীবীরা। আইনজীবী নুরুল ইসলাম বলেন, প্রকাশিত সংবাদটি বিভ্রান্তিকর। রেকর্ডের ভিত্তিতে প্রতিবেদন করা হয়নি দাবি করে তিনি বলেন, এতে সাংসদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

সখীপুর থানায় করা ওই জিডি তুলে ধরে নুরুল ইসলাম বলেন, ‘সাধারণ ডায়েরির ভিত্তিতে ওই শিক্ষার্থীকে সাজা দেওয়া হয়নি। গাঁজা পাওয়ায় তাকে (শিক্ষার্থী) সাজা দেওয়া হয়, এটি প্রতিবেদনে নেই। এই প্রতিবেদনের উদ্দেশ্য কী? পত্রিকায় এসেছে মাইনর বয়। মাইনর বয় কোথায়?’

এ পর্যায়ে আইনজীবী শ ম রেজাউল করিম বলেন, তার (শিক্ষার্থীর) পাসপোর্টের কপি সংগ্রহ করেছি। পাসপোর্টে জন্মতারিখ ১৯৯৫ সালের ১০ মে উল্লেখ রয়েছে।

নুরুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে ত্রুটি থাকলে তা এই আদালত দেখতে পারেন। পত্রিকায় এভাবে উপস্থাপন করে কী প্রমাণ করার চেষ্টা করা হয়েছে? এটি আদালতকে মিসলিড (বিভ্রান্ত) করা।

এরপর শ ম রেজাউল করিম বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আগে সম্ভাব্য স্থানগুলো নির্ধারণ করে অভিযান পরিচালনা করা হয়। কোথায় অভিযান পরিচালনা করা হবে, তা ১ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। এরপর ওই স্থানে যাওয়া হয়, সাক্ষীর উপস্থিতিতে তাকে (শিক্ষার্থী) জিজ্ঞাসাবাদ করা হয়। মাদকও উদ্ধার করা হয়। তাকে সাজা দেওয়া হয়। এ সাজা দেওয়ার সঙ্গে সাংসদকে নিয়ে মন্তব্য করায় সাধারণ ডায়েরির কোনো সম্পৃক্ততা নেই। এটি আলাদা।

পাঁচ মিনিটে নির্যাতনের বর্ণনা: আদালত ওই শিক্ষার্থীর বক্তব্য শোনেন। আদালতের প্রশ্নের জবাবে ওই শিক্ষার্থী বলে, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) তাকে বাসা থেকে ডেকে থানায় নিয়ে যান পুলিশের এক সদস্য এবং সাধারণ পোশাকে থাকা এক ব্যক্তি। সেখানে ওসির রুমে তাকে নিয়ে যাওয়া হয়। ওসি তাকে জিজ্ঞেস করেন, ‘এগুলো কী লিখছস?’ এরপর তাকে মারধর করা হয়।

 শিক্ষার্থী বলে, থানা থেকে তাকে এমপির বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে এমপি তাকে একই প্রশ্ন করেন, ‘এগুলো কী লিখছস?’

আদালতে শিক্ষার্থী বলে, এমপি তাকে দুবার (দুটি বাড়ি দেন) আঘাত করেন। বলে, ‘পরে স্যার (এমপি) বলেন, ওরে থানায় নিয়ে যাও। থানায় নিয়া আসার পর...হ্যান্ডকাফ পরাইয়া, চোখ বাইন্দা ওসির রুমে নিয়া যাওয়া হয়...শোয়ানোর পর জাঁতা দিয়া ধরে, তখন ওসি বলে, তোরে কিন্তু ক্রয়ফায়ারে দিমু। তারপর মাইরের চোটে আমি স্বীকার করি, আমি লিখেছি।’ শিক্ষার্থী বলে, তিন দিন পর সন্ধ্যাবেলা ইউএনওর অফিসে তাকে নেওয়া হয়। সেখানে ইউএনও তার বুকে লাথি মারেন।

আদালতে শিক্ষার্থী আরও বলে, লাথি দেওয়ার পর সে পড়ে যায়। পরে পুলিশ জানায়, তাকে দুই বছরের জেল দেওয়া হয়েছে।

তার কাছে গাঁজা পাওয়া নিয়ে পুলিশের বক্তব্যের ব্যাপারে আদালত প্রশ্ন করলে শিক্ষার্থী বলে, ‘না স্যার, আমি গাঁজা খাই না। আমি সঠিক বিচার চাই।’

শুনানিতে অংশ নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি উপস্থাপনকারী আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘একজন আইনজীবী হিসেবে আইন অনুসারে ভ্রাম্যমাণ আদালত যথাযথভাবে পরিচালনা হচ্ছে কি না, এই ধারণা থেকে বিষয়টি তুলে ধরেছি।’

শুনানির শেষ পর্যায়ে আদালত বলেন, যেভাবে হোক, এমপি সাহেবের পক্ষ থেকে একটা জিডি হয়েছে। এটি তো অস্বীকার করার সুযোগ নেই। জনপ্রতিনিধি হয়ে এত সেনসিটিভ হলে কীভাবে হবে?

শুনানি শেষে আদালত ওই দুই কর্মকর্তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে ১৮ অক্টোবর আদেশের দিন ঠিক করে দেন।