ক্রসিংয়েই ৭ মাসে নিহত ৩২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রসিংয়ে গেট নেই। ট্রেন এসে গেছে। যানবাহন যাতে রেললাইনে উঠে যেতে না পারে, তাই বাঁশ নিয়ে দাঁড়িয়েছেন দুই গ্রাম পুলিশ। গতকাল দুপুরে রাজধানীর শ্যামপুরের বড়ইতলা রেলক্রসিং থেকে তোলা ছবি l হাসান রাজা
ক্রসিংয়ে গেট নেই। ট্রেন এসে গেছে। যানবাহন যাতে রেললাইনে উঠে যেতে না পারে, তাই বাঁশ নিয়ে দাঁড়িয়েছেন দুই গ্রাম পুলিশ। গতকাল দুপুরে রাজধানীর শ্যামপুরের বড়ইতলা রেলক্রসিং থেকে তোলা ছবি l হাসান রাজা

ক্রসিংয়ে গেটম্যান না থাকা, ক্রসিং পারাপারে যানবাহন চালকদের অসতর্কতা এবং লোকোমাস্টারদের (ট্রেনচালক) সংকেত অমান্য করা—পূর্বাঞ্চল রেলওয়েতে দুর্ঘটনার বড় কারণ এই তিনটি। গত সাত মাসে বিভিন্ন সময়ে দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ গঠিত কয়েকটি তদন্ত কমিটির প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
পূর্বাঞ্চল রেলওয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত সাত মাসে ছোট-বড় মিলিয়ে মোট ৬৩টি দুর্ঘটনায় ৩২ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন। এর মধ্যে ৩২ জনই রেলক্রসিং দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের রেললাইন পূর্বাঞ্চলের আওতাভুক্ত।
সর্বশেষ গত মঙ্গলবার ভোরে চট্টগ্রামের বাড়বকুণ্ড এলাকায় রেলক্রসিংয়ে দুর্ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হন। রেলক্রসিংয়ে ওঠার পর কনটেইনারবাহী ট্রেইলর হঠাৎ বিকল হয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে ট্রেইলরের চালকের অসতর্কতা ও ক্রসিংয়ের গেটম্যানকে দায়ী করা হচ্ছে।
রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মো. মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, সাধারণত স্টেশনমাস্টাররা ক্রসিংগুলো নিয়ন্ত্রণ করেন। স্টেশনের দুই প্রান্তে ৬০০ মিটার করে মোট ১২০০ মিটারের মধ্যে যতগুলো ক্রসিং থাকবে, তা গেটম্যানদের মাধ্যমে তদারকি করেন তিনি। কিন্তু পূর্বাঞ্চল রেলওয়ের ৫৪টি স্টেশন কয়েক বছর ধরে বন্ধ রয়েছে। ফলে স্টেশনমাস্টার না থাকায় গেটম্যানরা ঠিকভাবে দায়িত্ব পালন করছেন, কিন্তু তা যাচাই করার সুযোগ কার্যত নেই।
রেলওয়ে সূত্র জানায়, ২০০৯ সালের জুলাই থেকে বাড়বকুণ্ড স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে গত মঙ্গলবার ভোরে বাড়বকুণ্ড ক্রসিংয়ের গেটম্যান ঠিকভাবে দায়িত্ব পালন করেছেন কি না, তা স্পষ্ট নয়। তবে রেলওয়ে কর্তৃপক্ষ গেটম্যান বিপ্লব বড়ুয়াকে সাময়িক বরখাস্ত করেছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পূর্বাঞ্চলে প্রতিটি দুর্ঘটনার তদন্ত হয়েছে। রেলপথের ওপর অননুমোদিত ক্রসিং, গেটম্যানদের অবহেলা বা কর্তব্যে অনুপস্থিতি এবং যানবাহন চালকদের অসতর্কতার বিষয়টি তদন্তে বেরিয়ে এসেছে।
রেলওয়ে সূত্র জানায়, চলতি বছরের ১৪ জানুয়ারি থেকে ১৫ জুলাই পর্যন্ত সাত মাসে ঢাকা বিভাগে রেলক্রসিংয়ে ১৫টি দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ২২ জন আহত হন। একই সময়ে চট্টগ্রাম বিভাগে নয়টি দুর্ঘটনায় পাঁচজন নিহত ও নয়জন আহত হন। গত বছর পূর্বাঞ্চলে ১৪৭টি দুর্ঘটনায় ২২ জন নিহত এবং ৪৫ জন আহত হন। আর ২০১৩ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৯৭ দুর্ঘটনায় নয়জন নিহত এবং আহত হন ৫৯ জন।
গত ২২ জুন নারায়ণগঞ্জের পাগলায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় লেগুনার পাঁচ যাত্রী নিহত হন। দুর্ঘটনায় পর লেগুনার চালককে দায়ী করে প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি। এতে উল্লেখ করা হয়েছে, গেটম্যান ও নিরাপত্তাকর্মীদের নির্দেশ অমান্য করে ক্রসিং পার হচ্ছিল লেগুনা।
আবার গত বছরের জুলাই মাসে ফৌজদারহাটে জ্বালানি তেলবাহী ট্রেন দুর্ঘটনার জন্য তদন্ত কমিটি ট্রেনের চালককে দায়ী করেছে। পরে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ওই ট্রেনের চালক উত্তম কুমার ভট্টাচার্যকে চাকরিচ্যুত করা হয় বলে জানান রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হক। তিনি বলেন, ক্রসিংয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বন্ধ হয়ে যাওয়া স্টেশনগুলো চালু করা এবং স্টেশনমাস্টারের নিয়োগের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।