ক্রাইম প্রতিবেদকদের নাম ভাঙিয়ে প্রতারণা তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রাইম প্রতিবেদকদের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে গত শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে (ডিআরইউ) তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান হুমায়ুন কবির, তাঁর সহযোগী রমজান আলী ও সালেহা বেগম। শাহবাগ থানার সূত্র জানায়, কথিত এ সংগঠনটি শুক্রবার বিকেলে ডিআরইউয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানস্থলে এসে ডিআরইউ ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নেতারা তাঁদের জিজ্ঞাসাবাদ করলে তাঁরা অসংলগ্ন কথাবার্তা বলেন। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব এসে তাঁদের গ্রেপ্তার করে শাহবাগ থানায় নিয়ে যায়। যোগাযোগ করা হলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ক্র্যাবের পক্ষ থেকে লিখিত অভিযোগ না দেওয়ায় গ্রেপ্তার হওয়া কথিত তিন সাংবাদিককে সন্দেহজনক গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল শনিবার তাঁদের আদালতে পাঠিয়ে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।ওসি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা প্রেস লেখা পরিচয়পত্র ব্যবহার করে আসছেন। এর আগে তাঁরা সাংবাদিক পরিচয়ে পাবনায় লোকজনকে জিম্মি করে তাঁদের কাছ থেকে টাকাপয়সা হাতিয়ে নেন বলে পাবনার প্রেসক্লাব থেকে জানানো হয়েছে।