ক্রাইসিস সেন্টারে নারীদের আরেক দফা নির্যাতন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নির্যাতনের শিকার হওয়া নারীদের মানসিক নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের কাছ থেকে টাকা খেয়ে তাঁরা ‘খারাপ চরিত্রের’ বলে সনদ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। কারণ, সনদে ‘অভ্যস্ত’ লিখে দিলেই মামলার বিবাদী অভিযোগ থেকে মুক্তি পেয়ে যান। আর ওই নারীরা সামাজিকভাবে হেয় হন। কখনো কখনো বিবাহবিচ্ছেদের ঘটনাও ঘটে।
নির্যাতনের শিকার হওয়া শিশু ও নারীদের চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়ার জন্য ডেনমার্কের অর্থায়নে ২০০২ সালে ওই হাসপাতালের একটি ওয়ার্ডে ওসিসি স্থাপন করা হয়। এতে একজন সমন্বয়কারী ও তিনজন চিকিৎসক থাকার কথা। কিন্তু বর্তমানে এতে শুধু একজন সমন্বয়কারী আছেন।
এখানে আশ্রয় পাওয়া কয়েকজন নারী অভিযোগ করেন, ওসিসির সমন্বয়কারী গাইনি বিশেষজ্ঞ মাহাবুব আরা নির্যাতিত নারীদের মানসিক নির্যাতন করেন। স্বেচ্ছায় অবৈধ মেলামেশা করেন—এটা প্রমাণ করার জন্য তাঁদের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করেন। দায়িত্বের মধ্যে না থাকলেও নারীদের এখানে জিজ্ঞাসাবাদ করা হয়। ওসিসির আইনজীবী মেহেরুন্নেসা জানান, গত ১১ বছরে ওসিসিতে আসা নারীরা ৬০০ মামলা করেছেন। এর মধ্যে মাত্র ৩২টি মামলায় সাজা হয়েছে।
গত আগস্টে গোদাগাড়ী উপজেলার মালকামলা মহাদেবপুর গ্রামের এক গৃহবধূ ধর্ষণের শিকার হন। তিনি চিৎকার করলে ধর্ষক ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। রাতেই তাঁকে গোদাগাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আট দিন চিকিৎসার পর ১১ আগস্ট তাঁকে ওসিসিতে ভর্তি করা হয়। সেখানে সাত দিন চিকিৎসা নেন।
ওই গৃহবধূ অভিযোগ করেন, ওসিসিতে তাঁকেই উল্টো অপমান করা হয়েছে। গরিব মানুষ বলে সত্য ঘটনা মিথ্যা বানিয়ে সনদ দেওয়া হয়েছে। তাঁর সনদে লেখা হয়েছে, ‘জোরপূর্বক ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি’। এখন আসামিরা এসে উল্টো তাঁদের হুমকি দিচ্ছেন। এখন তাঁদের গ্রামে বাস করাই কঠিন হয়ে যাচ্ছে।
দুর্গাপুর উপজেলার এক গৃহবধূ গত বছরের ডিসেম্বরে ওসিসিতে ভর্তি হয়েছিলেন। তিনি অভিযোগ করেন, তিনি ধর্ষণের শিকার হয়ে এখানে এসেছিলেন। কিন্তু বিষয়টি মিথ্যা প্রমাণ করার জন্য তাঁর ওপর চাপ সৃষ্টি করা হয়। তিনি দেহব্যবসা করেন বলে অপবাদ দেওয়া হয়।
পুঠিয়া উপজেলার একজন গৃহবধূ অভিযোগ করেছেন, ওসিসিতে তাঁকে ‘খারাপ’ মেয়ে বলে অপবাদ দেওয়া হয়েছে। তিনিই নাকি নিজের ইচ্ছায় খারাপ কাজ করেছেন। আবার সনদও এমন করে দেওয়া হয়েছে যে নির্যাতিত হয়েও তিনি মামলায় তা প্রমাণ করতে পারেননি। এই ঘটনা জানতে পেরে তাঁর স্বামী তাঁকে তালাক দিয়েছেন। এখন তিনটি সন্তান নিয়ে তিনি বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন।
গত আগস্টে এক নারী ওসিসির সমন্বয়কারীর বিরুদ্ধে হাসপাতালের পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান জানান, যে মেয়েটি অভিযোগ করেছিলেন, তাঁর ব্যাপারটা অতটা গুরুতর কিছু না। অন্য নারীদের অভিযোগের ব্যাপারে তিনি বলেন, এগুলো হয়তো পক্ষপাতমূলক অভিযোগ। তার পরও ওই মেয়েদের নাম-পরিচয় পেলে তিনি তদন্ত করে দেখবেন।
ওসিসির সমন্বয়কারী মাহাবুব আরা জানান, অনেকেই মিথ্যা মামলা করে এখানে এসে ভর্তি হন। তাঁদের সত্য কথা বের করার জন্য অনেক সময় জিজ্ঞাসাবাদ করতে হয়। তিনি বলেন, ‘কিছু কিছু নারী আসেন, তাঁরা মিথ্যা মামলা করতে অভ্যস্ত। তাঁরাই বাইরে গিয়ে এ রকম কথা বলেন। তবে যে অভিযোগ করা হয়েছে তা যে একেবারেই মিথ্যা, তা নয়। অনেক সময় হয়। অনেক নতুন সহকর্মী আছেন। তাঁরা প্রশিক্ষিত নন। তাঁদের নিয়েই আমাকে চলতে হয়। আর ধর্ষণের প্রমাণ না পেলে আমরা তো সনদ দেওয়ার সময় তা বলতে পারি না।’ সনদে অভ্যস্ত লেখার বিষয়ে তিনি বলেন, আগে এ রকম লেখা হতো। এখন এভাবে আর লিখতে না করে দেওয়া হয়েছে।