ক্রিকেট আনন্দে ভাসছে বগুড়াবাসী
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ইংল্যান্ডকে হারানোয় বাঁধভাঙা আনন্দ, উচ্ছ্বাস আর উন্মাদনায় ভেসেছে মুশফিকুর রহিমের শহর বগুড়া।
ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ দলের অসংখ্য সমর্থক লাল-সবুজের জাতীয় পতাকা উড়িয়ে পাড়া-মহল্লা থেকে দলে দলে রাস্তায় নেমে আসে। বের হয় মোটরসাইকেল শোভাযাত্রা। একই সঙ্গে চলে পটকা ও আতশবাজি। গন্তব্য শহরের সাতমাথা। ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা শহর। চলমান অবরোধ-হরতালে রাজনৈতিক ভেদাভেদ ভুলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবাই গেয়ে ওঠে ‘এগিয়ে চলো বাংলাদেশ’। সমর্থকেরা নেচে-গেয়ে উন্মাদনা প্রকাশ করে বিকেল থেকে রাত অবধি। চলে মিষ্টি বিতরণ।
বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যে রীতিমতো উত্তেজিত মুশফিকুর রহিমের পরিবার ও মুশফিকের ক্লাব বগুড়ার মাটিডালি ক্রীড়া চক্রের সদস্যরাও।
বাবা মাহবুব হামিদ ছেলের ক্রিকেট-নৈপুণ্য দেখতে খেলা শুরু হওয়ার পর থেকেই অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়। দিনভর টেলিভিশনের পর্দায় ছেলের খেলা দেখছিলেন মুশফিকের মা রহিমা খাতুন। সেঞ্চুরি করতে না পারায় কিছুটা হতাশও হয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ছেলে এবং ছেলের ভায়রা মাহমুদ উল্লাহ রিয়াদ অনবদ্য ব্যাটিং-নৈপুণ্য দিয়ে বাংলাদেশ দলকে জিতিয়ে দেওয়ায় রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়েন এই মা। তিনি ছেলের জন্য দোয়া করার পাশাপাশি পাড়ার ছেলেদের ডেকে মিষ্টিমুখও করান।
মাটিডালি ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক ফারুকুল হাসান প্রথম আলোকে বলেন, ছেলের সেঞ্চুরি করতে না পারার কষ্টে কিছুটা হতাশ ছিলেন মুশফিকুর রহিমের মা। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ দল জেতায় রীতিমতো আবেগাপ্লুত তিনি। বিজয়ের আনন্দে মুশফিকের ক্লাব মাটিডালি ক্রীড়া চক্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
ফারুকুল হাসান আরও বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেটে মুশফিকের এই অনবদ্য ক্রিকেট-নৈপুণ্যে সারা দেশের মতো বগুড়াবাসীও আনন্দের জোয়ারে ভাসছে। এই বিজয় শুধু বাংলাদেশ দলের নয়, এই বিজয় মাটিডালি ক্রীড়া চক্রের, গোটা বগুড়াবাসীর, গোটা বাংলাদেশের।’