ক্রিকেট খেলতে ভারতে যাচ্ছে প্রতিবন্ধী দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস মাঠে হুইলচেয়ার ক্রিকেট দলের খেলোয়াড়দের অনুশীলন। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস মাঠে হুইলচেয়ার ক্রিকেট দলের খেলোয়াড়দের অনুশীলন। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

শারীরিক অক্ষমতা তাঁদের দমিয়ে রাখতে পারেনি। মনের অদম্য শক্তিতে তাঁরা শারীরিক সীমাবদ্ধতাকে অতিক্রম করেছেন। ঘরের চার দেয়ালে আবদ্ধ না থেকে বিশ্বজয়ের প্রত্যয়ে বেরিয়ে এসেছেন তাঁরা। করে দেখাতে চান এমন কিছু, যাতে প্রমাণিত হয় সাফল্যের পথে এগিয়ে যেতে পারছেন তাঁরাও।
সেই লক্ষ্য নিয়েই হুইলচেয়ারে বসে ক্রিকেট খেলতে ভারতে যাচ্ছে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের একটি দল। ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন ড্রিম ফর ডিজ-অ্যাবিলিটি ফাউন্ডেশন দলটি তৈরি করেছে। কাল ১০ এপ্রিল তিন ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ খেলতে ভারতের দিল্লি যাচ্ছে বাংলাদেশের এই ‘হুইলচেয়ার ক্রিকেট টিম’। এই উপলক্ষে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ড্রিম ফর ডিজ-অ্যাবিলিটি ফাউন্ডেশনের সভাপতি হেদায়েতুল আজিজ বলেন, হুইলচেয়ারে বসে চলাফেরা করেন এমন ১৫ জনকে সারা দেশ থেকে বাছাই করে প্রায় ছয় মাস আগে একটি ক্রিকেট দল তৈরি করা হয়। ভারতের প্যারা স্পোর্টস ফাউন্ডেশন নামে আরেকটি প্রতিবন্ধীদের দলের সঙ্গে ১১, ১২, ১৩ এপ্রিল তিনটি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়েছে। দিল্লির হরিয়ানা স্টেডিয়ামে তিন ম্যাচের এই সিরিজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন হাবিব মোল্লা। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার উপস্থিত ছিলেন।
সংগঠন সূত্রে জানা গেছে, বিভিন্ন জেলা থেকে বাছাই করে ১৫ সদস্যের প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়ে এই ক্রিকেট দল তৈরি করা হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আছেন ৬ জন। আগামীকাল আখাউড়া স্থলবন্দর দিয়ে ১৫ জন ক্রিকেটারসহ ২৪ জনের দল ভারতে রওনা হবে। ১৫ এপ্রিল দলটি দেশে ফিরবে।
হেদায়েতুল আজিজ বলেন, ভারত থেকে আমন্ত্রণ পাওয়ার পর খেলার সরঞ্জাম ও হুইলচেয়ার এবং ক্রিকেট খেলার অনুশীলন নিয়ে তাঁরা অনেক পরিশ্রম করেছেন। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র নায়ার কবিরসহ কয়েকজন ভারত সফরের অর্থের জোগান দেওয়াসহ বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন।