ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ২৫
ভোলায় ক্রিকেট খেলায় আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে বিরোধ দেখা দেওয়ায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে ২৫ জন আহত হয়। গতকাল মঙ্গলবার গজনবী খেলার মাঠে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে স্থানীয় গজনবী খেলার মাঠে মেয়র টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালের আয়োজন করা হয়। জেলা ক্রীড়া সংস্থা এ খেলার আয়োজন করে। এতে উকিলপাড়া একাদশ ও রেনেসাঁ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা অংশ নেন। খেলা চলাকালে আম্পায়ার মোস্তফা কামালের একটি সিদ্ধান্তকে উকিলপাড়া একাদশের খেলোয়াড়েরা ভুল বলে দাবি করেন। এ ঘটনায় তাঁরা আম্পায়ারকে মারধরও করেন। একপর্যায়ে এ বিরোধ দুই দলের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে। বিরোধের জের ধরে সমর্থকেরা ক্রীড়া সংস্থার শতাধিক চেয়ারসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করে। এ পর্যায়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে টুর্নামেন্টের আহ্বায়ক মিজানুর রহমান, আম্পায়ার মোস্তফা কামাল, রাশেদ, বিপু, মহিত, সালমান, নয়ন, মাসুমসহ ২৫ জন আহত হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সংঘর্ষ চলার সময় জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন, সহকারী পুলিশ সুপার মো. শাজাহান শেখ, ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলমসহ প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার লোকজন সমর্থকদের তোপের মুখে পড়েন।জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তারা খেলার সুন্দর পরিবেশ নষ্ট করেছে।