ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কৃষ্ণনগর গ্রামে গতকাল শনিবার এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে কৃষ্ণনগর ও রাধানগর গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে শিশুটি গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ কৃষ্ণনগর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে একটি পিস্তল, ৫০৫টি গুলি, ম্যাগাজিন, মোটরসাইকেল উদ্ধার এবং দুই নারীকে আটক করে।
গুলিবিদ্ধ হওয়া শিশুর নাম মো. নুরুজ্জামান (১০)। সে কৃষ্ণনগর গ্রামের মো. মারুফের ছেলে। নুরুজ্জামানকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেল সাড়ে চারটায় কৃষ্ণনগর গ্রামের বালুর মাঠে ক্রিকেট খেলার আয়োজন করা হয়। এতে কৃষ্ণনগর ও রাধানগর গ্রামের দুটি দল অংশ নেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কৃষ্ণনগর এলাকার রাজীব হোসেন পিস্তল দিয়ে গুলি ছুড়লে নুরুজ্জামানের মাথায় ও হাতে লাগে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীর বলেন, এ ঘটনায় পুলিশ ও নুরুজ্জামানের মামা গুলজার হোসেন বাদী হয়ে দুটি মামলা করেছেন।