ক্রিকেট খেলা নিয়ে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা
বরিশালে ক্রিকেট খেলা নিয়ে মো. শামির রাফি (১৫) নামের দশম শ্রেণীর এক ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় নগরের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বরিশাল জিলা স্কুলের ছাত্র শামি রাফি তার বন্ধুদের সঙ্গে শেরেবাংলা মেডিকেল কলেজ ছাত্রাবাসের মাঠে ক্রিকেট খেলছিল। সেখানে শামিরের সঙ্গে রিশাদ (২৮) ও রিফাত (৩০) নামের দুই ব্যক্তির বাগিবতণ্ডা হয়। রিশাদ ও রিফাত দুই সহোদর। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় নগরের বাংলাবাজার এলাকায় রিশাদ-রিফাতের নেতৃত্বে রড ও লাঠিসোঁটা নিয়ে শামির ওপর হামলা চালানো হয়। তারা শামিকে পিটিয়ে গুরুতর আহত করে চলে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা শামিকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই শামিকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন তাঁর স্বজনেরা। পথে শামির মৃত্যু হয়।এদিকে শামির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী রাতেই রিশাদ ও রিফাতের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে। একই সঙ্গে তাঁদের বাবা রফিকুল ইসলামকে বাসায় অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ রফিকুল ইসলামকে আটক করে। রফিকুল জাতীয় পার্টির বরিশাল মহানগর কমিটির সহসভাপতি।এদিকে শামিকে হত্যার সঙ্গে জড়িত ওই দুই সহোদরকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সকাল থেকে বাংলাবাজারের সব দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ করে এলাকাবাসী। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিকেল চারটায় একই দাবিতে মানববন্ধন করেন জিলা স্কুলের শিক্ষার্থী-শিক্ষকেরা। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে স্কুলছাত্র শামি রাফিকে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই মো. রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। রিশাদ ও রিফাতকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।