ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ পাঁচজন আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন অরুণ শিকদার (২৫), অসিত শিকদার (১৮), সুমন শিকদার (১৪), অপর্ণা শিকদার (৩) ও অপু শিকদার (২০)। তাঁদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আহত ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সুমন শিকদারের সঙ্গে একই এলাকার শেখর মিত্রের (১৬) ঝগড়া হয়। একপর্যায়ে সুমনকে মারধর করে শেখর। এ খবর শুনে সুমনের চাচা অরুণ শিকদার ও অসিত শিকদার ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা বিষয়টি জানতে চাইলে শেখর তাঁদের সঙ্গেও খারাপ আচরণ করে। এতে অরুণ শিকদার ক্ষিপ্ত হয়ে শেখরকে লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় শেখর তাঁদের উভয়কে মারধর করে এবং পরবর্তী সময়ে দেখে দেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। অসিত শিকদার অভিযোগ করে বলেন, রাত আটটার দিকে শেখর এলাকার হেলাল, নিপুসহ ৮-১০ জন সন্ত্রাসী নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরের মালামাল ভাঙচুর করে। তাঁর ভাই অরুণ শিকদার বাধা দিলে রামদা দিয়ে তাঁকে কুপিয়ে আহত করা হয়। তাঁকে বাঁচাতে তাঁর স্ত্রী অপু শিকদার এগিয়ে গেলে তাঁকেও মারধর করা হয়। এ সময় সন্ত্রাসীরা তিন বছরের শিশু অপর্ণা শিকদারকেও সাইকেলের চেইন দিয়ে পিটিয়ে আহত করে।এ ব্যাপারে শেখর মিত্র বলে, ‘ক্রিকেট খেলা নিয়ে সুমনের সঙ্গে আমার ঝগড়া হয় এবং সুমন আমার সঙ্গে অশালীন আচরণ করে। সুমনের চাচা অরুণ শিকদার তখন কোনো কিছু না বুঝেই আমাকে মেরেছে। পরে আমার বন্ধুরা সুমনের বাড়িতে গিয়ে বিষয়টি জানতে চায়। এ সময় সুমনের চাচাদের সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।’ কলাপাড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে এখনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।’