ক্রিকেট খেলার নামে জুয়ার আসর
বিকেলে হাতে ক্রিকেট ব্যাট ও বল নিয়ে দুজন খেলোয়াড় ও একজন আম্পায়ার হাজির হয় খেলার মাঠে। খেলা দেখতে আসতে শুরু করে দর্শকও। সেই সঙ্গে উপস্থিত হয় জুয়াড়ির দল। দুজন খেলোয়াড় ও আম্পায়ারের সঙ্গে কথা বলে দুই পক্ষে বিভক্ত হয়ে মোটা অঙ্কের টাকা বাজি ধরে জুয়াড়িরা।দূর থেকে এটিকে ক্রিকেট খেলা মনে হলেও কাছে গেলেই চোখে পড়বে অভিনব দৃশ্য। তিন থেকে পাঁচ ওভারের এই খেলায় থাকে না কোনো ফিল্ডার। শুধু একজন ব্যাটসম্যান ও একজন বোলার। বোল্ড হলেই ওভার শেষ হয়। এভাবে চলতে থাকে শেষ ওভার পর্যন্ত। ওই দুজনই পর্যায়ক্রমে ব্যাটিং ও বোলিং করে থাকে। হিসাব কষে সর্বোচ্চ রান করা খেলোয়াড়ের পক্ষের জুয়াড়িরা জিতে নেয় বাজি ধরার টাকা। খেলা শেষে দুজন খেলোয়াড় ও আম্পায়ারকে ধরিয়ে দেওয়া হয় অল্প কিছু টাকা।সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জনতা উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে এক সপ্তাহ ধরে ক্রিকেট খেলার নামে এভাবেই চলছে জুয়ার আসর। এতে করে বিপথগামী হচ্ছে এখানকার স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় এই জুয়াড়ি চক্র এত দিন এলাকার বিভিন্ন গ্রামে রাতে ‘ওয়ান-টেন’ নামে জুয়ার আসর বসাত। গ্রামবাসীর প্রতিরোধে ওয়ান-টেন বন্ধ হওয়ার পর জুয়াড়িরা বিদ্যালয়ের মাঠে ক্রিকেট খেলার নামে জুয়া খেলছে। এলাকায় বাড়ছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা।নাম প্রকাশ না করার শর্তে কলেজে পড়ুয়া এক ক্রিকেট খেলোয়াড় বলে, খেলায় টাকা বাজি ধরার বিষয়টি তারা জানে না। তবে খেলা শেষে উপহার হিসেবে কিছু টাকা অংশগ্রহণকারী তিনজনকে ধরিয়ে দেওয়া হয়।জনতা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মালেক বলেন, ‘আমি কয়েক দিন ধরে ছুটিতে আছি। জুয়াড়িদের এই কার্যক্রম থেকে যেকোনো মূল্যে শিক্ষার্থীদের রক্ষা করতে হবে।’ তিনি এ ব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজর দেওয়ার আহ্বান জানান। ধরমপাশা থানার ওসি বায়েছ আলম বলেন, ‘বিষয়টি আমি জানি না। এ রকম হলে তা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’