ক্রিকেট খেলার সময় আঘাত পেয়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জে গত শুক্রবার ক্রিকেট খেলতে গিয়ে আঘাত পেয়ে অনিক ইসলাম (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে মুন্সীগঞ্জ মিলপাড়ার বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে এবং মুন্সীগঞ্জ একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
অনিকের সহপাঠী ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, স্থানীয় কিশোরেরা শুক্রবার বিকেলে বিদ্যালয়ের উত্তর পাশের মাঠে খেলা শুরু করে। ফিল্ডিংয়ের সময় উঁচুতে লাফিয়ে বল ধরতে গিয়ে অনিকের সঙ্গে একই পক্ষের খেলোয়াড় সনজিতের ধাক্কা লাগে। আছড়ে নিচে পড়ার সময় সনজিতের হাঁটুতে লেগে অনিক বুক ও মুখে প্রচণ্ড আঘাত পায়। গুরুতর অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অনিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক মশিউর রহমান।
মশিউর রহমান বলেন, বুকে বড় ধরনের আঘাত ও কাঁধের হাড় ভেঙে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার সকাল ১০টায় মুন্সীগঞ্জ স্কুলের মাঠে অনিকের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
মুন্সীগঞ্জ একাডেমির প্রধান শিক্ষক আতিয়ার রহমান জানান, অনিক একাধারে মেধাবী ছাত্র ও সম্ভাবনাময় ক্রিকেটার ছিল। তার অকালমৃত্যুতে বিদ্যালয় একজন প্রতিভাবানকে হারাল।