ক্রিকেট ছাড়া আর কে-ই বা দিতে পারে এমন আনন্দ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের বিরাট পতাকা নিয়ে টিএসসিতে আনন্দ উল্লাসে মত্ত ক্রিকেটপ্রেমীরা। ছবি: সাজিদ হোসেন
বাংলাদেশের বিরাট পতাকা নিয়ে টিএসসিতে আনন্দ উল্লাসে মত্ত ক্রিকেটপ্রেমীরা। ছবি: সাজিদ হোসেন

সন্ধ্যা ছয়টা। শাহবাগ চার রাস্তার মোড়ে তিন দিক থেকে আসা গাড়িই দাঁড়িয়ে আছে। ফাঁকা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে যাওয়ার রাস্তাটা। গাড়িগুলো দাঁড়িয়ে থাকার কারণে যানজট ক্রমেই বাড়ছিল। প্রতিদিনই এ সময়ে এ রাস্তাগুলোতে কম বা বেশি যানজট থাকেই।

আজকের যানজটের কারণটা অন্য। এর কিছুক্ষণ আগেই ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। ঢাকার বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড বিজয় মিছিল নিয়ে টিএসসির দিকেই যাচ্ছিল ক্রিকেটপ্রেমীরা। তাই বাধ্য হয়েই ট্রাফিক পুলিশকে নিয়ন্ত্রণ করতে হচ্ছিল তিন দিক থেকে আসা যানগুলোকে। অন্যান্য দিন বিরক্ত হলেও আজ যেন কোনোভাবেই বিরক্ত হতে চাইছিলেন না যাত্রীরা।

রেজওয়ান ইসলাম নামের এক বাসযাত্রী বললেন, ‘দেশ জিতেছে। এর চেয়ে খুশির খবর আর কী হতে পারে। একটু কষ্ট না হয় সহ্য করলামই। ’
একটু এগিয়ে টিএসসিতে যেতেই দেখা গেল সব প্রাণ এসে মিশেছে সেখানে। আনন্দে মাতছিল সবাই। কী নেই সেখানে। মোটর শোভাযাত্রা, ট্রাকে করে মিছিল, নাচ, গান, স্লোগান আর রং ছিটিয়ে আনন্দ উল্লাস। বাংলাদেশের বিজয়ের পর থেকেই চলছিল সে আনন্দ উল্লাস। বিভিন্ন স্থান থেকে আসা মিছিলে ক্রমেই বাড়ছিল সে বিজয় উল্লাস।

বাংলাদেশ-ইংল্যান্ডের আজকের খেলায় টিএসসিতে খেলা দেখছে এক খুদে দর্শক। ছবি: সাজিদ হোসেন
বাংলাদেশ-ইংল্যান্ডের আজকের খেলায় টিএসসিতে খেলা দেখছে এক খুদে দর্শক। ছবি: সাজিদ হোসেন

লালবাগ থেকে প্রায় ৫০ ফুট দীর্ঘ বাংলাদেশের এক পতাকা নিয়ে এসেছেন কয়েকজন। তাঁদের মধ্যে একজন জাকির হোসেন কারখানার শ্রমিক। বাংলাদেশের খেলা ছিল, তাই আজকে কারখানায় না গিয়ে সারা দিন খেলা দেখেছেন। খেলা শেষে এসেছেন বিজয় মিছিলে। বিজয় উল্লাসে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র কুতুব উদ্দিন যেন বাংলাদেশকে চ্যাম্পিয়ন হিসেবেই দেখতে পাচ্ছিলেন। তিনি বললেন, ‘আনন্দের ভাষা খুঁজে পাচ্ছি না। বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন হয়েই আসবে ইনশাআল্লাহ। ’
কয়েক দিন ধরেই দেশে একটা গুমোট পরিবেশ বিরাজ করছে। টানা অবরোধ-হরতাল, ককটেল, পেট্রলবোমা নিয়েই ছিল মানুষের যত মাথাব্যথা। এর মধ্যে এমন একটি জয় কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে জনজীবনে। কথায় আছে, বাংলাদেশ যখন খেলে তখন শুধু ১১ জন খেলে না, দেশের ১৬ কোটি মানুষও তাঁদের সঙ্গে খেলে। বাংলাদেশের এ বিজয় ১৬ কোটি মানুষের বিজয়। তাই যে যেভাবে পারছেন আনন্দ করছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন। পিছিয়ে নেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও উচ্ছ্বাস প্রকাশ।
বিডি সাইক্লিস্ট গ্রুপের মডারেটর ফুয়াদ আহসান চৌধুরী তাঁর ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘খুব অঘটন না ঘটলে রাস্তায় যেখানেই আনন্দ মিছিল পাই, ঢুইকা পড়ব। হাত, পা ঘুরায়া প্যাঁচায়া পাগলা নাচ কাহারে বলে বুঝায় দিব। কথা দিলাম। ’

টিএসসিতে এক দর্শকের কাঁধে চড়ে বাঘের গর্জন দিচ্ছে টাইগার শোয়েব। ছবি: সাজিদ হোসেন
টিএসসিতে এক দর্শকের কাঁধে চড়ে বাঘের গর্জন দিচ্ছে টাইগার শোয়েব। ছবি: সাজিদ হোসেন

ম্যাচটি ক্ষণে ক্ষণেই উত্তেজনা তৈরি করছিল। পেন্ডুলামের মতো ঘুরছিল জয়। কিছুক্ষণ বাংলাদেশের দিকে আবার কিছুক্ষণ ইংল্যান্ডের দিকে ঝুঁকে পড়ছিল ম্যাচটি। আর এ কারণে উত্তেজনায় ঠিকমতো কাজ করতে পারছিল না কেউই। একটা সময় গিয়ে থমকে গিয়েছিল পুরো বাংলাদেশ। অফিস আদালতে কোনো কাজই হচ্ছিল না। সবার চোখ নিবদ্ধ ছিল টেলিভিশনের পর্দার দিকে।
গুলশানে হাবিব ব্যাংকে কর্মরত মো. মোবারক হোসেন বলেন, ‘এমন উত্তেজনার সময় কি কোনো কাজ করা যায় নাকি? দরকার হলে সারা রাত কাজ করব। তবুও দেশের খেলা বলে কথা। শেষ পর্যন্ত বাংলাদেশ জিতল, এটাই সবচেয়ে বড় পাওয়া। ’
ফিরে যাই টিএসসিতে। টিএসসিতে সারা শরীরে রং মেখে আনন্দ উচ্ছ্বাস করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শরাবন তহুরা। জানালেন, কেঁদেছেন খুব। অনেক দিন পর এত কাঁদলেন। কেঁদেছেন ম্যাচের শেষ দিকে। বলেন, ‘ম্যাচের শেষ দিকে প্রার্থনা করেছি আর কেঁদেছি। জেতার পর আবার কেঁদেছি। বাংলাদেশ জিতে গেলে মনে হয় নিজেই জিতেছি। তখনই মনে হয় বাংলাদেশকে কত ভালোবাসি। ’
সত্যিই তো, ক্রিকেট ছাড়া আর কে-ই বা দিতে পেরেছে দেশকে এমন আনন্দের উপলক্ষ!

বাংলাদেশ জেতার পর আগুন নিয়ে আনন্দ উল্লাস করছেন এক দর্শক। ছবিটি টিএসসি থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
বাংলাদেশ জেতার পর আগুন নিয়ে আনন্দ উল্লাস করছেন এক দর্শক। ছবিটি টিএসসি থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন