ক্রিকেট দলকে অভিনন্দন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে জয়ী হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের।
গতকাল বুধবার রাতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক অসাধারণ জয় পায় বাংলাদেশ। এ জয়ের জন্য পৃথক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় দলের সব খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের অভিনন্দন জানান। বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতেও এ জয়ের ধারা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
প্রধানমন্ত্রী বলেন, দেশের ক্রিকেটের উন্নয়নে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা এবং খেলোয়াড়দের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশের ক্রিকেট আজ বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত। কঠোর অনুশীলন করলে যে ভালো ফল পাওয়া যায়, বাংলাদেশ ক্রিকেট দল পরপর চারটি এক দিনের সিরিজ জিতে তা প্রমাণ করেছে।