ক্রিকেট দলকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-০তে (একটি ম্যাচ পরিত্যক্ত) নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা গতকাল রোববার পৃথক বার্তায় জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, অধিনায়ক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা ও দেশের ক্রীড়ামোদী জনগণকে অভিনন্দন জানিয়েছেন। খবর বাসসের।রাষ্ট্রপতি জিল্লুর রহমান তাঁর অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল কঠোর পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমে ভবিষ্যতেও তাদের এই সাফল্য বজায় রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর অভিনন্দন বার্তায় বলেন, নিউজিল্যান্ডের মতো টেস্ট খেলুড়ে দেশকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ দেশের ক্রিকেট ইতিহাসে আরেকটি মাইলফলক।জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া তাঁর অভিনন্দন বার্তায় এই বিজয়কে ঐতিহাসিক ও অবিস্মরণীয় উল্লেখ করে বলেন, ক্রিকেট দলের খেলোয়াড়েরা নিয়মিত অনুশীলনের মাধ্যমে বিশ্ব ক্রিকেটের এই স্থানে উঠে এসেছেন। তাঁদের এই জয়ে দেশের প্রতিটি মানুষই আনন্দিত। ভবিষ্যতেও ক্রিকেটাররা এভাবে দেশকে জয় উপহার দিয়ে দেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।